Siliguri : আরজি কর কাণ্ডের রেশ না কাটতেই ফের কিশোরীকে গণধর্ষণের ঘটনা

113

Siliguri : আরজি কর-এর ঘটনা নিয়ে যখন রাজ্যজুড়ে তীব্র গণরোষ আছড়ে পড়েছে তখন ফের এক গণধর্ষণের ঘটনা ঘটল শিলিগুড়িতে। শিলিগুড়ির কাওয়াখালিতে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই। ধৃতদের মধ্যে একজন নাবালক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই কিশোরীর সঙ্গে এক অভিযুক্তের পরিচয় হয়েছিল।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও উত্তাল গোটা দেশ। রাস্তায় প্রতিবাদে নেমেছেন বাংলার মা-বোনেরা। পাশাপাশি সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচী। এর রেশ না কাটতেই ফের গণধর্ষণের ঘটনা সামনে এল শিলিগুড়িতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিলিগুড়ির প্রধাননগরের কিশোরীর সঙ্গে পরিচয় হয়েছিল এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই যুবকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল ওই কিশোরী। সে সময়ই ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর পরিবার এনজেপি থানায় অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

গণধর্ষণের অভিযোগে ধৃতদের আদালতে পেশ করে পুলিশ। মেডিক্যাল টেষ্টের জন্য কিশোরীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।