দেবরাজ ছেত্রী, দার্জিলিং: ক্ষমতায় পালাবদল ঘটেছে বাংলার। দীর্ঘ ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এবার ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি । সরকার গঠনের এক মাসের মধ্যেই উঠে গেল দার্জিলিং ও তরাইয়ের মধ্যে সংযোগকারী রাস্তা রোহিণীর টোল। টোল বন্ধ হওয়ায় অতিরিক্ত আর্থিক বোঝা থেকে রেহাই পেলেন চালক, ব্যবসায়ী এবং যাত্রীরা।
বিজেপি ক্ষমতায় আসার পর পরই জিএনএলএফ নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। এতদিন দার্জিলিং, কার্শিয়াংগামী গাড়িগুলিকে দাঁড় করিয়ে জিটিএ-র তরফ থেকে আদায় করা হত টোল। এমনকি চালকদের থেকেও মোটা অঙ্কের টাকা নেওয়া হত বলে অভিযোগ। টোল উঠে যাওয়ায় স্বাভাবিক ভাবে খুশি জিএনএলএফ নেতৃত্ব। জিএনএলএফ-এর কার্শিয়াং শাখা কমিটির সভাপতি নিমা লামা বলেন, ‘টোল ব্যবস্থা উঠে যাওয়ায় স্বস্তি এসেছে। এই সাফল্যের কৃতিত্ব জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দলের সভাপতি মান ঘিসিং-এর নেতৃত্বে জিএনএলএফ-এর অক্লান্ত আন্দোলন।’
এই ইতিবাচক পদক্ষেপের জন্য সাংসদ রাজু বিস্তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিএনএলএফ নেতা নিমা লামা।