বিশ্বকাপ শুরুর মুখে চোটের কবলে মেসি?

65,521

নিউজ ডেস্ক: ফুটবলের বিশ্বযুদ্ধ শুরুর আর বাকি মাত্র সপ্তাহ তিনেক। এরমধ্যেই আর্জেন্টিনার ফ্যানদের কপালে চিন্তার ভাঁজ। চোটের কবলে পড়েছেন বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক? রবিবার মিয়ামি মেজর লিগ ফিলাডেলফিয়া ইউনিয়ের বিরুদ্ধে ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। তার আগে বাঁ পা ধরে মাঠে বসে থাকতে দেখা গিয়েছিল ফুটবলের রাজপুত্রকে। বারবার বেঞ্চের দিকে কোচকে ইশারা করছিলেন ইন্টার মিয়ামি অধিনায়ক। এরপরই তাঁকে তুলে নেন মিয়ামি কোচ গুইলেরমো হয়োস। মাঠ ছাড়ার পর বাঁ পা ধরে টানেল দিয়ে ড্রেসিং রুমে চলে যান।

মিয়ামি কোচ গুইলেরমো হয়োস জানান ক্লান্তির কারণে মেসিকে ৭৩ মিনিটে তিনি খেলা থেকে তুলে নিয়েছিলেন। তিনি আরও বলেন বৃষ্টির জন্য মাঠে কাদা তৈরি হয়েছিল। ফলে ফুটবলাররা দৌঁড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়েছিল। সামনেই বিশ্বকাপ রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে মেসিকে তুলে নেওয়া হয়। গুইলেরমো হয়োস আরও বলেন তাঁরা চিকিৎসকদের রিপোর্ট এখনও পাননি। তবে মেসি যে ক্লান্ত হয়ে পড়েছিলেন তা পরিষ্কার করে দিয়েছেন ইন্টার মিয়ামি কোচ।

১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ২০২২ সালের বিশ্বজয়ী আর্জেন্টিনা। এখনও দল ঘোষণা করেনি লিওনেল স্কালোনির দল। এদিকে মেসিও এখনও পরিষ্কার করে জানাননি তিনি আদৌ বিশ্বকাপে খেলবেন কিনা। কারণ ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ওয়ার্ক লোজ নিয়ন্ত্রণ করছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। এর মধ্যে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বেশ কয়েকমাস মিয়ামির বেঞ্চে বসেই কাটাতে হয়েছে মেসিকে। তবে গোটা বিশ্বের মেসি ভক্তদের বিশ্বাস রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ফুটবলের রাজপুত্রকে। তবে তার আগে রবিবারের ছবিতে তৈরি হয়েছে আশঙ্কার মেঘ।