নিউজ ডেস্ক: গুজরাটের ছয়টি নথিভুক্ত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দল দান হিসেবে পেয়েছে ১৫০০ কোটি টাকা, আর ২০২৪ লোকসভা নির্বাচনে এই ছয় দলের মোট প্রার্থী ছিল ১৫!
বিবিসি হিন্দি-র তদন্তমূলক প্রতিবেদন অবাক করেছে সবাইকে। এই ছয় দলের নাম – সত্যবাদী রক্ষক পার্টি, আম জনমত পার্টি, গরিব কল্যাণ পার্টি, স্বতন্ত্রতা অভিব্যক্তি পার্টি, ভারতীয় ন্যাশনাল জাতীয় দল এবং নিউ ইন্ডিয়া পার্টি। সবারই সদর দফতর গুজরাটে, পাঁচটি দলের আহমেদাবাদে এবং একটি দলের আনন্দে।
বিজেপি বাদে যে পাঁচটি রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের সম্মিলিত গৃহীত দানের পরিমাণ ১৪৭০ কোটি টাকা। জাতীয় দলের সম্মান পেয়েছে বিজেপি, কংগ্রেস, আপ, বিএসপি, সিপিএম এবং এনপিপি। আর নথিভুক্ত কিন্তু অস্বীকৃতি ছয় রাজনৈতিক দলের গৃহীত দানের পরিমাণ ১৫০০ কোটি টাকা!
এই ছয় দলের মধ্যে ২০২২-২৩ সালে সবচেয়ে বেশি দান পেয়েছে আম জনমত পার্টি, ৬২০ কোটি টাকা। সত্যবাদী রক্ষক পার্টি পেয়েছে ৩৩০ কোটি টাকা, নিউ ইন্ডিয়া পার্টির গৃহীত দানের পরিমাণ ২০০ কোটি টাকা। গরিব কল্যাণ পার্টি পেয়েছে ১৩৮ কোটি টাকা।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কেউ যে কোনও দলকে অর্থ দান করতে পারে। আর আয়কর আইনে সেই অর্থের ওপর কোনও কর আরোপ করা হয় না। অনেকে কর বাঁচাতে বিভিন্ন রাজনৈতিক দলকে অর্থ দান করেন।
২০২৪ লোকসভা নির্বাচনে সত্যবাদী রক্ষক পার্টি প্রার্থী দিয়েছিল মাত্র একজন। গৃহীত দানের পরিমাণ ৩৩০ কোটি টাকা। এই ধরনের বাকি পাঁচ রাজনৈতিক দলেরও একই অবস্থা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভারতে মোটামুটি ২৮০০ রাজনৈতিক দল আছে। এর মধ্যে নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছে ৭৩ রাজনৈতিক দল। বাকি সব দল নথিভুক্ত কিন্তু স্বীকৃতি পায়নি। তৃণমূলের ২০ সাংসদ যে দলে গিয়েছেন বলে দাবি করেন সেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই এরকমই নথিভুক্ত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দল। গুজরাটের বিপুল টাকাদার ছয় দল রাজনৈতিক সত্তা টিকিয়ে রাখতে লোকসভা নির্বাচনে একটি বা দুটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে।