৪ হাজার টাকার পরিচারিকা থেকে রাজ্যের মন্ত্রী!

104,529

নিউজ ডেস্ক: চা ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী! ২০১৪ সালে নরেন্দ্র মোদীর সেই সোপান দেখে দেশ তো বটেই বিশ্বেজুড়েও চর্চা হয়েছিল। এবার চর্চায় কলিতা মাজি। পরিচারিকার কাজ করা ৩৭ বছর বয়সী কলিতা মাজি এবার পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী।

পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কলিতা মাজি। ছবি- ডান দিকে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভরসা রেখেছিল বিজেপি নেতৃত্ব। ফলও মিলেছে। আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী কলিতা পরাজিত করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে। ক্ষমতায় আসার তিন সপ্তাহ পর সোমবার রাজভবনে ৩৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন। যে বিধায়করা মন্ত্রী হিসাবে শপথ নিলেন তাঁদের মধ্যে রয়েছেন ১৩ জন পূর্ণ মন্ত্রী (ক্যাবিনেট পদমর্যাদা), ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। আর এই ১৯ জন প্রতিমন্ত্রীর তালিকায় সবচেয়ে বড় চমক আউশগ্রামের কলিতা মাঝি যিনি নিজে এক সময় পরিচারিকার কাজ করতেন।

গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঝপুকুর পাড়ের বাসিন্দা কলিতা মাজি, গত এক দশক ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। আউশগ্রামের মতো তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনে বিজেপির টিকিট পাওয়ার আগে পর্যন্ত তিনি দুটি বাড়িতে পরিচারিকার কাজ করে মাসে মাত্র ৪,০০০ টাকা উপার্জন করতেন। তাঁর স্বামী সুব্রত মাজি পেশায় প্লাম্বার। তাঁদের এক সন্তান। ভোটের টিকিট পাওয়ার পর কাজ থেকে এক মাসের ছুটি নিয়ে প্রচারের ময়দানে ছিলেন কলিতা।

অভাব তাঁর কাছে চেনা। তাই এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নকেই অগ্রাধিকার দিচ্ছেন কলিতা। চিকিৎসার জন্য যাতে বারবার বর্ধমান শহরে ছুটতে না হয়, তার জন্য এলাকায় একটি হাসপাতাল তৈরি করতে চান তিনি। আবাস যোজনায় তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। আবাসের টাকা পাইয়ে দিতে দিকেদিকে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার অভিযোগে সরব হয় এলাকাবাসী। আবাস যোজনায় যাতে উপযুক্তরাই ঘরের টাকা পান সেই চেষ্টাই থাকবে রাজ্যের মন্ত্রী কলিতা মাজির।

সন্তানের সঙ্গে কলিতা মাজি।