নিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যায় অসমে প্রাণ হারিয়েছে ১০৮ জন। বন্যার জল শুকোতে না শুকোতেই নতুন করে ভারী বৃষ্টির প্রকোপে অসমের সাতটি জেলা। এগুলি হল গোয়ালপাড়া, শিবসাগর, বিশ্বনাথ, নগাঁও, মরিগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং কাছার। জানিয়েছে অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।
বর্তমানে ১৫৫ গ্রামের ২৫ হাজার মানুষ বন্যার প্রকোপে ক্ষতিগ্রস্ত। বন্যার্তদের আশ্রয় দিতে চালু রয়েছে ১৩টি ত্রাণশিবর। বন্যার জলে ক্ষতিগ্রস্ত ৬,৪৭৭ হেক্টর কৃষিজমি।
নুমলিগড়ে ধনসিড়ি নদী এবং মাটিজুরিতে কাটাখাল নদীর জল বইছে বিপদসীমার ওপরে। পশ্চিম কার্বি আংলংয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বন্যার জেরে। যার সূত্রে অসমে সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮।
এর মধ্যেই অসম সরকার দুতিন দফায় বন্যার্তদের আর্থিক সাহায্য দিয়েছে। উজান অসমের চার জেলা শিবসাগর, চরাইদেও, গোলাঘাট ও যোরহাটের বন্যার্তদের পরিবার পিছু ১৫ হাজার টাকা দিয়েছে অসম সরকার। এ ছাড়া গৃহপালিত পশুর মৃত্যুর জেরেও আর্থিক সাহায্য করেছে। যেসব স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের সংস্কারের জন্যও অর্থ দিয়েছে অসম সরকার।
Prev Post
Next Post