নিউজ ডেস্ক: শেষ ল্যাপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। গুজরাটকে হেলায় হারিয়ে IPL-এর ফাইনালে চলে গিয়েছে RCB। আজ প্রথম এলিমিনেটর। গুজরাটের প্রতিদ্বন্দ্বি কে হবে? বিকেলেই হায়দরাবাদ ও রাজস্থানের দ্বৈরথ। মহারণের আগে রীতিমতো হায়দরাবাদ শিবিরে শিহরণ।
চলতি IPL-এর দু’টি সাক্ষাতেই রাজস্থানকে হারিয়েছে প্যাট কামিন্সের হায়দরাবাদ। সেদিক থেকে দেখতে গেলে প্রথম এলিমিনেটরে খাতায় কলমে ফেভারিট হায়দরাবাদই। কিন্তু পার্থক্য গড়ে দিতে পারেন কিশোর বৈভব সূর্যবংশীই। এবারের IPL-এ বিশ্বের তাবড় বোলারদের কেউই বৈভবের সংহার থেকে রেহাই পাননি। স্বাভাবিকভাবেই অঙ্ক তাদের দিকে কিছুটা হেলে থাকলেও আজকের ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। সোজাসুজি বৈভব-কামিন্স দ্বৈরথ। এক কথায় প্রথম এলিমিনেটরে নামার আগে বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের আতঙ্কে রীতিমতো কাঁপছে হায়দরাবাদ শিবির।
হায়দরাবাদ শিবিরে বৈভবকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাদের এখন একটাই লক্ষ্য, কীভাবে দ্রুত বৈভবকে প্যাভিলিয়নে ফেরানো যায়। ক্রিকেট মানেই এখন প্রযুক্তির বহুল ব্যবহার। প্রতিটি ক্রিকেটারকে স্ক্রিনে ফেলে চলে কাটাছেঁড়া। প্রথম এলিমিনেটরে নামার আগে কামিন্স জানিয়েছেন, ‘বৈভবকে থামাতে শুধুমাত্র একটি পরিকল্পনা কাজ করবে না। ওঁর জন্য একাধিক পরিকল্পনা ছকে নিয়েই মাঠে নামতে হবে।’
কামিন্স এদিন আরও বলেছেন, ‘আগের দুটি ম্যাচ কী হয়েছে তা তারা মাথায় রাখছেন না। প্রতিটি ম্যাচই নতুন করে শুরু করতে হয়। প্রতিটি দিনই আলাদা। প্রথম এলিমিনেটরেও তারা নতুন করেই শুরু করতে চান।’ তবে আগের দুটি ম্যাচের সাফল্য অবশ্যই তাদের কিছুটা হলেও মানসিক দিক থেকে এগিয়ে রাখবে সেকথা মানছেন কামিন্স।
প্রথম এলিমিনেটরে নামার আগে বৈভব রয়েছেন তাঁর নিজের বৃত্তেই। কিশোর মনে কী চলে, IPL চলাকালীন তাঁর ভুরি ভুরি নমুনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। রাজস্থান টিম সূত্রে খবর, প্রথম এলিমিনেটরে নামার আগেও ফুরফুরে মেজাজে বৈভব। এটাই নাকি তার USP। হায়দরাবাদের বিরুদ্ধে দুটি ম্যাচের প্রথমটিতে তেমন ছাপ না ফেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন বৈভব। রাজস্থানের সেদিনের কোনও পরিকল্পনাই বৈভবের বিরুদ্ধে কাজ করেনি। আজ দেখার সূর্যবংশীর বৈভব কতটা প্রভাব ফেলতে পারে।