পৃথা দাশগুপ্ত, কলকাতা: কথা ছিল, কন্যা ঐশী দত্ত বিদেশ থেকে ফিরলেই বৃহস্পতিবার বিকেল নাগাদ অনীক দত্তর শেষকৃত্য সম্পন্ন হবে। সেইমতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রুদ্রনীল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন, পরিচালকের শেষকৃত্যে যেন সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তবে রাত পোহাতেই পারিবারিক সূত্রে জানা গেল, আজ পরিচালকের শেষকৃত্য হচ্ছে না। আপাতত বিদেশ থেকে মেয়ে ঐশীর ফেরার অপেক্ষায় অনীক পত্নী সন্ধি দত্ত এবং পরিজনেরা।
বুধবার জানা গিয়েছিল, প্রথমে পরিচালকের মরদেহ নন্দনে ২ ঘণ্টার জন্য রাখা হবে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। এমনকী অনীক দত্তের শেষকৃত্যে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলেও জানা যায়। তবে বৃহস্পতিবার পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়, শ্রদ্ধাজ্ঞাপনের স্থান এবং শেষকৃত্যের প্রক্রিয়ায় কিছু বদল ঘটেছে। খবর, কন্যা ঐশী এদিন বেলা তিনটের পর কলকাতায় ফিরবেন। ফলত, পরিবারের আরেকটু সময়ের প্রয়োজন। সে জন্যই বৃহস্পতিবারের বদলে শুক্রবার শেষকৃত্যের কথা ভাবা হয়েছে। শুধু তাই নয়, অনুরাগীরা কোথায় অনীক দত্তকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন? সেটা নিয়েও আপাতত পরিকল্পনা চলছে। শোনা যাচ্ছে, নন্দনের পরিবর্তে কিংবদন্তি সত্যজিৎ রায়ের বাড়ির সামনে রাখা হতে পারে অনীক দত্তর মরদেহ। ‘অপরাজিত’ পরিচালক যে শয়নে-স্বপনে সত্যজিৎ যাপন করতেন, সেকথা কারও অজানা নয়। যদিও বিশপ লেফ্রয় রোডের বাসভবনের সামনে যেটুকু জায়গা রয়েছে, সেটি বেশ সংকীর্ণ, ফলত জনতার ভিড় নিয়ন্ত্রণ করা যাবে কিনা, তা নিয়েও একটা ধন্দ রয়েছে। তাই এবিষয়ে পরিবারের তরফে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গেল।