পৃথা দাশগুপ্ত, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে কালীঘাট থানার তৎকালীন ওসি গৌতম দাস খবরের শিরোনামে এসেছিল। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার ফলে তাঁকে সাসপেন্ড হতে হয়েছিল। এ বার সেই গৌতম দাসের সাসপেনশন তুলে নিয়ে তাঁকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হল।
বিতর্কের সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে। সেই ছবিতে দেখা গিয়েছিল, একটি বন্দুক হাতে থানায় নিজের চেয়ারে বসে রয়েছেন গৌতম দাস। পুলিশের উর্দি পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন বলে দাবি করেছিল তৃণমূল। বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। গৌতমকে সাসপেন্ড করা হয়।

তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই আবার কালীঘাট থানার ওসি বদল করা হয়েছিল। বলাই বাগকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।
এ বার রাজ্যে পালাবদলের পর গৌতম দাসকে নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হল। গৌতম দাস কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত।