মালদহে ধৃত ৫ বাংলাদেশি যুবক, রাখা হল হোল্ডিং সেন্টারে

36

সুমিত ঘোষ,মালদহ :মালদহ টাউন স্টেশনের জিআরপির হাতে ধরা পড়লো ৫ বাংলাদেশি। ধৃত বাংলাদেশিরা প্রত্যেকেই পুরুষ। দিল্লি ও গুজরাত থেকে মালদহ এসে তাঁদের বাংলাদেশ পালানোর ছক ছিল। ধৃতদের হোল্ডিং স্টেশনে রাখা হয়েছে।

মালদহে তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। গত সপ্তাহে গাজোল থেকে ধরা পড়া ৯ জন মহিলা ও নবালক , নাবালিকা বাংলাদেশিকে এখানেই রাখা হয়েছিল। তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশের পুশব্যাক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। সেই ঘটনার পর ফের বাংলাদেশি গ্রেফতার।

শনিবার গভীর রাতে দূরপাল্লার একটি ট্রেনে করে ওই বাংলাদেশিরা গুজরাত ও দিল্লি থেকে মালদহে পৌঁছয়। মালদহ থেকেই কোনও দালাল মারফত তাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল। কিন্তু এদিন রাতের মালদহ টাউন স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ৫জনকে গ্রেফতার করে জিআরপি। পরে ধৃতরের ইংরেজবাজার থানার পুলিশে হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ওই পাঁচ বাংলাদেশীকে ইংরেজবাজার ব্লকের চন্দনপার্ক সংলগ্ন এলাকার হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশিদের নাম, মহম্মদ জিয়ারুল (২৬), গুলজার মিয়া (৪৭), মহম্মদ কুরবান (১৮) । এদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায়। অপর ধৃতের নাম মুকুলেস্বর রহমান (৪৬), তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট। ধৃত সাবির আহমেদ (১৮) বাংলাদেশ সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, এরা কেউ এসেছিল এক বছর আগে, আবার কেউ দেড় বছর আগে, গুজরাত এবং দিল্লিতে এরা বিভিন্ন পোশাক সামগ্রী ফেরি করে বেড়াত। পশ্চিমবঙ্গে সরকারের পালাবদল হতেই এরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাবার ছক কষে।

মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ‘এর আগে যে ৯ জন বাংলাদেশী ধরা পড়েছিল, তাদেরই আত্মীয় ধৃতরা। আপাতত এদের ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। সবুজ সংকেত এলেই বিএসএফ পুশব্যাক করবে।’