দুই ভাই, দুই দেশ: ২০২৬ বিশ্বকাপে ডেজিরে এবং গুয়েলা দুয়েঁ-র এক অনন্য গল্প

42

নিউজ ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে ডেজিরে এবং গুয়েলা দুয়েঁ নামে ২ ভাইকে খেলতে দেখা যাবে। তবে তারা মাঠে নামতে পারেন একে অপরের বিপক্ষে। ২ আলাদা দেশের হয়ে মাঠে নামবেন তাঁরা। ফ্রান্সের অ্যাঞ্জার্স শহরে একসঙ্গে বড় হওয়া এবং রেন যুব একাডেমিতে পাশাপাশি ফুটবলার হিসেবে নিজেদের গড়ে তোলার পর, দুয়ে ভাইরা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ভিন্ন দুটি দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন। ডেজিরে দুয়েঁ, ২০ বছর বয়সী প্যারিস সাঁ জাঁর যুব তারকা ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাদের জন্মভূমি ফ্রান্সকে বেছে নিয়েছেন। অন্যদিকে গুয়েলা দুয়ে, ২৩ বছর বয়সী আরসি স্ট্র্যাসবুর্গ-এর এই ডিফেন্ডার তাঁর বাবার জন্মভূমি আইভরি কোস্টকে বেছে নিয়েছেন।

দুয়েঁ পরিবার পেশাদার ফুটবলের সাথে গভীরভাবে জড়িত। ডেজিরে ও গুয়েলার ২ আত্মীয় ইয়ান গবোহো এবং মার্ক-অলিভিয়ের দুয়েঁ-ও পেশাদার ফুটবলার। ডেজিরে ও গুয়েলার কাকা নুমানদিয়েজ ডেজিরে দুয়েঁ একজন বিখ্যাত ফিফা ইন্সট্রাক্টর এবং প্রাক্তন রেফারি, যিনি ২০১৪ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছিলেন। আইভরি কোস্টের প্রধান কোচ এমার্স ফায়ে জানিয়েছেন আইভরিয়ান ফেডারেশন ডেজিরে-কে দলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু ফ্রান্স ও আইভরি কোস্ট দুই দেশ থেকেই যখন প্রস্তাব আসে, তখন ডেজিরে-র মন ফ্রান্সের দিকেই সায় দেয়। অন্যদিকে, গুয়েলা তাঁর বাবার দেশের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ডেজিরে পিএসজি-র হয়ে একটি দুর্দান্ত ব্রেকআউট সিজন পার করে, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতে এবং ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ গোল করে ২০২৬ বিশ্বকাপে পা রাখছেন। অপরদিকে, গুয়েলা স্ট্র্যাসবুর্গের জন্য একজন নির্ভরযোগ্য রাইট-ব্যাক এবং আইভরি কোস্টের রক্ষণভাগের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।