বিধায়ক অখিল গগৈর মাতৃবিয়োগ, শোক মুখ্যমন্ত্রীর

8

স্টাফ রিপোর্টার: শিবসাগরের বিধায়ক অখিল গগৈর মাতৃবিয়োগ। বুধবার সকালে গুয়াহাটিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়দা গগৈ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। বিগত কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। এই সংবাদে শোকের ছায়া নেমে আসে।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েন বিধায়ক অখিল গগৈ। নিথর দেহ জড়িয়ে থাকেন অখিল। বুধবারই মৃতদেহ নিয়ে যাওয়া হয় মরিয়নির চেলেংহাটে। ওখানেই সম্পন্ন হবে শেষকৃত্য।
বিধায়কের মাতৃবিয়োগে শোকপ্রকাশ করেছেন শাসক-বিরোধী দলের নেতারা। সমাজ মাধ্যমে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, ‘বিধায়ক অখিল গগৈর মা প্রিয়দা গগৈর মৃত্যুসংবাদে আমি মর্মাহত। একজন সমাজসেবী, ধার্মিক ও দয়ালু মহিলা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর এই অসহনীয় বেদনা ভাষায় প্রকাশ অসম্ভব। বিদেহি আত্মার চির শান্তি কামনা করছি। অখিল গগৈ সহ তাঁর পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।’