ভিডিও বার্তা দিয়ে নিজেকে জীবিত প্রমাণ করলেন প্রাক্তন মন্ত্রী!

37

মিস্টু দত্ত, শ্রীভূমি: বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ আর নেই। তাঁর মৃত্যু সংবাদে সমাজমাধ্যমে শুরু হয় শোকপ্রকাশ। বহু লোক ছুটে যান তাঁর বাড়িতেও। অথচ পুরো ঘটনাটিই ছিল গুজব। বাধ্য হয়ে ফেসবুকে এক ভিডিও বার্তা প্রকাশ করেন প্রাক্তন মন্ত্রী। তিনি যে জীবিত, তা প্রমাণ করতেই এই ভিডিও বার্তা।

বুধবার সকালে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে তাঁর অনুগামীদের মধ্যে। সবাই সিদ্দেক আহমেদের খোঁজ নেন। পরে সবাই জানতে পারেন প্রাক্তন মন্ত্রী কুশলেই আছেন। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে ভিডিও বার্তা প্রকাশ করেন খোদ সিদ্দেক আহমেদ। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি মারা গিয়েছি বলে কেউ সমাজমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আমি এখনও জীবিত এবং সুস্থ আছি। যারা এই গুজব ছড়িয়েছে, তাঁদের বিরুদ্ধে আমি এজাহার দাখিল করব।’

বেলা বাড়তেই সিদ্দেক আহমেদের বাড়িতে যান তাঁর অনুগামীরা। সবাই তাঁর দীর্ঘায়ু কামনা করেন। দীর্ঘদিন ধরে কর্কট রোগে আক্রান্ত দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক। অসুস্থতার জন্য এবার বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। অসুস্থ হলেও তাঁর অবস্থা গুরুতর নয়।
উল্লেখ্য, সমাজ মাধ্যমে গুজব রটানো অসমে কার্যত একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। কিছুদিন আগে এই গুজবের কবলে পড়েছিল রাজ্যের স্বনামধন্য সংবাদ প্রতিষ্ঠান ‘আসাম ট্রিবিউন’ গোষ্ঠী। সমাজ মাধ্যমে রটিয়ে দেওয়া হয় যে ‘আসাম ট্রিবিউন’ বিক্রি হয়ে যাচ্ছে। পরবর্তীতে বিশাল বিজ্ঞাপন দিয়ে সংবাদ প্রতিষ্ঠান জানায় যে, ‘আসাম ট্রিবিউন বিক্রি হচ্ছে না।’ এবার সংবাদ প্রতিষ্ঠানের পর গুজবে আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।