নিউজ ডেস্ক: নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল, প্রকাশ্যেও এনেছেন। কিন্তু ফের বিয়ে করবেন কী? এই প্রশ্নের উত্তরে সদ্য ৬০ পার করা আমির খান জানিয়েছিলেন, এই বয়সে এটা আর ঠিক হবে না। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের টগবগে আমির খান। ফের বিয়ে করতে চলেছেন তিনি। ৫ জুলাই বসবে বিয়ের আসর। নিজের বাসভবনেই সারবেন তৃতীয় বিয়ের অনুষ্ঠান। প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরকদমে।
পাত্রী ৪৭ বছরের গৌরী স্প্র্যাট। আমির খান প্রোডাকশনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর ৭ বছরের একটি ছেলেও রয়েছে। নাম কিউইন। বর্তমানে পেশায় বেঙ্গালুরুর বাসিন্দা স্প্র্যাট দীর্ঘ ২৫ বছর ধরে আমিরের বন্ধু। গৌরীর বাবা ব্রিটিশ-তামিল এবং মা পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। গত ১ বছর ধরে আমির ও গোরী একসঙ্গেই রয়েছেন। এই সম্পর্ককে আরও মজবুত করতেই বিয়ের সিদ্ধান্ত।
এর আগে দুটি বিয়ে করেছেন আমির খান। তাঁর প্রথম স্ত্রীর নাম রীনা দত্ত। ১৯৮৬ থেকে ২০০২ পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। এই পক্ষে দুটি সন্তানও রয়েছে আমির খানের। তাদের নাম জুনেইদ ও ইরা। এরপর ২০০৫ সালে চিত্র পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণের একটি সন্তান হয়। নাম আজাদ। ২০২১ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।
প্রথম বিবাহ বিচ্ছেদের ৫ বছর পর দ্বিতীয় বিবাহ করেছিলেন আমির খান। দ্বিতীয় বিচ্ছেদেরও ৫ বছর পর ফের বিয়ে করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে কয়েকজন কাছের মানুষের উপস্থিতিতে তৃতীয় বিয়ে সারতে চলেছেন আমির। অতিথি তালিকায় থাকতে পারেন সলমন খান ও শাহরুখ খানও।