কালীঘাট, দক্ষিণেশ্বর : কপিল মুনির আশ্রমে স্বচ্ছতা বজায় রাখতে নয়া পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার। নলবনে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, ‘কালীঘাট, দক্ষিণেশ্বর থেকে শুরু করে কপিল মুণির আশ্রমে স্বচ্ছতা বজায় রাখা হবে। এই সব আস্থার জায়গার বাইরের পরিবেশের দিকে নজর দিতে হবে। এই সব জায়গার স্বচ্ছতা বজায় রাখতে হবে। সেই মতো নেওয়া হবে ব্যবস্থা।’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবেশবিদ্যাকে স্কুল শিক্ষাতেও গুরুত্ব দেওয়া হবে। তাঁর কথায়, ‘পডুয়াদের সিলেবাসে পরিবেশ এবং বৃক্ষরোপণের গুরুত্ব বাড়ানো হবে। ছোট থেকেই যাতে পড়ুয়াদের মধ্যে বৃক্ষরোপন এবং পরিবেশ সচেতনতা প্রবেশ করে, সেটা নিশ্চিত করতে হবে।’স্কুলে ইকো ক্লাব গড়ে তোলার বিষয়েও জোর দেন তিনি। যে সমস্ত স্কুল এই কাজ করবে, তাদের রাজ্যের তরফে আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের টার্গেট ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণের। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘শুধু গাছ লাগালে চলবে না। রক্ষণাবেক্ষণ করতে হবে। গাছের চারা যাতে মহীরূহতে পরিণত হয়, সেটা করা হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আকাশপথে বৃহত্তর কলকাতা, মানে বারাসত থেকে সোনারপুরে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে। কিন্তু বৃক্ষরোপন হয়নি। এক তৃতীয়াংশে বৃক্ষরোপণের নিয়ম রয়েছে। কিন্তু সেটা করা হয়নি। পরিবর্তনের সরকার পরিবেশের দিকে খেয়াল রাখবে।’
মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ‘হাসপাতাল, কর্মসংস্থান, বিনিয়োগ, চাকরির পাশাপাশি পরিবেশ রক্ষা, অরণ্য রক্ষার কাজ করে যেতে হবে।’ পাশাপাশি স্বচ্ছ অ্যাপের কথাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এই অ্যাপের মাধ্যমে কোনও নাগরিক ছবি তুলে পাঠালে সেই নোংরা দ্রুত তুলে ফেলা হবে। এভাবেই স্বচ্ছ রাখা হবে বাংলাকে।