সরকারের কড়া নির্দেশ, রান্নার তেল আর ৮৫০ গ্রাম প্যাকেট বিক্রি নয়

53


নিউজ ডেস্ক: শপিং মল কিংবা দোকানে গিয়ে এক লিটারের সর্ষের তেল কিনলেন। কিন্তু প্যাকেটে লেখা ৮৫০ এমএল। অথচ আপনার চাহিদা ছিল ১ লিটার তেল। কিন্তু সেই প্যাকেটই নিতে হল। কারণ বাজারে এমনই সব প্যাকেটে তেল বিক্রি হচ্ছে। যা আসলে ঘুরপথে রান্নার তেলের টাকায় কারচুপি।

ভোজ্য তেলের বোতল বা পাউচ যেমন তেমন ওজনে বিক্রি করা যাবে না। সরকার ভোজ্য তেলের প্যাকিংয়ে কারচুপি রুখতে কড়া নির্দেশিকা জারি করেছে। ২০০ এমএল থেকে ২০ কিলোগ্রাম পর্যন্ত প্যাকেটেই কেবলমাত্র ভোজ্য তেল বিক্রি করা যাবে। কত ওজন হবে? যেমন- ২০০ এমএল, ৫০০ এমএল, ১ লিটার, ২ লিটার, ৩ লিটার, ৪ লিটার, ৫ লিটার, ১৫ লিটার ও ২০ লিটার প্যাকিংয়ের ভোজ্য তেল বিক্রি করা হবে।

এখন কোম্পানিগুলো নিজেদের মতো করে ১লিটারের প্যাকেট না করে কোথাও ৮৫০ গ্রাম, কিংবা ৯১০ গ্রাম ওজনের প্যাকেজিংয়ের মোড়কে তেল বিক্রি হয়। যা নিয়ে অভিযোগ উঠেছে বারবার। কেন্দ্র সরকারের উপভোক্তা মামলা, খাদ্য এবং সার্বজনিক বিতরণ মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট নির্দেশ সরকারের বিধি মেনেই ভোজ্য তেল বিক্রি করতে হবে।

সরকারের কড়া নির্দেশিকা

নতুন নিয়ম কী:
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজর (SoP)-এর সংশোধন অনুযায়ী এই নিয়ম পাম তেল, সোয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চিনা বাদাম তেল, তিল তেল, রাইস ব্র্যান তেল, তুলাবীজের তেল, ভুট্টার তেল এবং এগুলোর মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই সব দাম। নতুন নির্দেশিকা অনুযায়ী ২০০ গ্রাম বা ২০০ এমএল-এর নীচে প্যাকেট ভোজ্য তেলে এই নিয়ম লাগু হবে না। এছাড়াও, যদি তেলের পরিমাণ আয়তনের (মিলিলিটার বা লিটার) ভিত্তিতে উল্লেখ করা হয়, তবে কোম্পানিগুলোর জন্য প্যাকেটের উপর সম-আকারের অক্ষর বা সংখ্যা ব্যবহার করে এর সমতুল্য ওজনও (গ্রাম বা কিলোগ্রাম) উল্লেখ করা বাধ্যতামূলক।

কোম্পানিগুলিকে নতুন নিয়মের জন্য ৩ মাস সময়:
কোম্পানি, প্যাকার এবং আমদানিকারকদের এই নিয়মগুলো মেনে চলার জন্য তিন মাসের একটি অন্তর্বর্তী সময়সীমা দেওয়া হয়েছে।

কেন এই নিয়ম জরুরি হল:
বেশ কিছুদিন ধরেই ভোজ্য তেল বিক্রি করা কোম্পানিগুলো একটা ট্রেন্ড সেট করে। প্যাকেটে দাম বাড়ানোর পরিবর্তে কোম্পানিগুলো চালাকি করে ওজনে কারচুপি শুরু করে। বাজারে ১ কিলোগ্রাম বা ১ লিটারের পরিবর্তে ৮৫০ গ্রাম, ৯০০ গ্রাম কিংবা ৯১০ গ্রামের অদ্ভূত ওজনের প্যাকেটে তেল বিক্রি করা শুরু করে। সাধারণ ক্রেতারা সেই প্যাকেটগুলিকে ১ লিটারের প্যাকেট ভেবে ভোজ্য তেল কেনেন।
ইন্ডিয়ান ভেজিটেবল ওয়েল প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (IVPA) সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।