গর্ভবতীর পুষ্টিকর খাবারে মৃত সাপের বাচ্চা! প্রশ্নে অঙ্গনওয়াড়ি কেন্দ্র

20


নিউজ ডেস্ক: গর্ভবতী মহিলার খাবারে মৃত সাপের বাচ্চা! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে দেওয়া পুষ্টিকর খাবারের ভেতরে একটি মৃত সাপের বাচ্চা পাওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুষ্টির অংশ হিসেবে ‘লাড্ডু’ ভর্তি ওই প্যাকেটটি দেওয়া হয়। কারঘাট কামথি ​​গ্রামের বাসিন্দা বচ্ছলা বাই ধুরভে-কে দেওয়া হয়েছিল এই খাবার। সৌভাগ্যবশত, তিনি সেই খাবার খাননি।

বাড়িতে পরিবারের সদস্যরা প্যাকেটটি খোলার পর ভেতরে একটি মৃত সাপের বাচ্চা দেখতে পেয়ে হতবাক হয়ে যান। বিষয়টি জানাজানির পর ওই গ্রামে আতঙ্ক ছড়ায়। অনেকে ক্ষোভ প্রকাশ করেন। অঙ্গনওয়াড়ি ব্যবস্থার মাধ্যমে গর্ভবতী নারী ও শিশুদের যে খাবার সরবরাহ করা হচ্ছে, তার গুণমান ও নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন।

পরিবারের সদস্যরা অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মী ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান। এরপরই নারী ও শিশু উন্নয়ন দফতরের আধিকারিকরা (প্রজেক্ট অফিসার ঊষা পান্ড্রে-সহ), নন্দানওয়াড়ি পুলিশ এবং নায়েব তহসিলদার ঘটনাস্থলে পৌঁছন।
পরীক্ষার জন্য ওই পুষ্টিকর খাবারের নমুনাও সংরক্ষণ করা হয়েছে। ভারপ্রাপ্ত কালেক্টর অগ্রিম কুমার বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি জানান, প্যাকেট থেকে খাবারের নমুনাটি খাদ্য কর্মকর্তা (ফুড অফিসার) বাজেয়াপ্ত করেছেন এবং তা ভোপালের রাজ্য খাদ্য পরীক্ষা কেন্দ্রে (State Food Testing Centre) পাঠানো হয়েছে। ল্যাবরেটরির রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই ঘটনায় এলাকার গর্ভবতী নারী ও পরিবারগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে সরবরাহকরা পুষ্টিকর খাবারের গুণমান নিয়মিত যাচাইয়ের দাবি জানিয়েছেন।
এদিকে, প্রশাসন জনগণের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা কোনো গুজবে কান না দেয় এবং রিপোর্টের অপেক্ষা করেন।