স্টাফ রিপোর্টার: এই প্রথম ডিজিটেল মাধ্যমে হবে জনগণনা। ডিজিটেল মাধ্যমে জনগণনা কীভাবে সম্ভব, তার প্রশিক্ষণ দিতেই কর্মশালা হচ্ছে গুয়াহাটির লালমাটিতে।
২০২৭-এর ৩১ মার্চ জনগণনার খসড়া তালিকা প্রকাশ পাবে। তার আগে জনগণনার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে চারদিনের এক কর্মশালার আয়োজন করা হয়েছে। গুয়াহাটির লালমাটির আইআইইতে হচ্ছে এই প্রশিক্ষণ শিবির। জনগণনার কাজে যারা নিয়োজিত থাকবেন, সেইসব মাস্টার ট্রেনারদের এই শিবিরে ট্রেনিং দেওয়া হবে। এর জন্য ৫৯জন মাস্টার ট্রেনারকে নিযুক্তি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে মাস্টার ট্রেনাররা ১১০৯ ফিল্ড ট্রেনারকে প্রশিক্ষণ দেবেন। ফিল্ড ট্রেনাররা আবার প্রশিক্ষণ দেবেন গণনার কাজে নিয়োজিত ৮০ হাজার কর্মীকে। এভাবেই ধাপে ধাপে প্রশিক্ষণ চলবে জনগণনার।
se.census.govt.in এই ওয়েবসাইটে জনগণনার যাবতীয় তথ্য জমা দেওয়া যাবে। আগামী ২ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত তথ্য জমা দিতে পারবেন আপনি। ঘরে বসেই জনগণনার যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। গণনার কাজে নিয়োজিত আধিকারিকরা এই তথ্য পরীক্ষা করবেন। ২০২৭-এর ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণনা।