পৃথা দাশগুপ্ত,কলকাতা :অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট নন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। সিআইডি সূত্রে খবর, সব কিছুর উত্তরেই তিনি জানিয়েছেন, ‘জানি না’। আগামী ১৪ তারিখ বেলা ১২টার সময় ফের তাঁকে তলব করল সিআইডি।
বিধানসভার সই জালিয়াতিকাণ্ডে ৩ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিআইডি। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরই হাইকোর্ট রক্ষাকবচ দিয়ে জানিয়ে দেয়, সই জালিয়াতি কাণ্ডে তাঁকে হাজিরা দিতেই হবে। বিকেলে দিল্লি থেকে ফিরে ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। হাজিরা শেষে ১১.২৮ মিনিটে ভাবনীভবন থেকে বেরিয়ে সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জবাবে অসন্তুষ্ট সিআইডি-র তদন্তকারীরা। একাধিক প্রশ্নের সঠিক উত্তর দেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। খালি তাঁর উত্তরে ছিল ‘জানি না‘, ‘আমার পক্ষে বলা সম্ভব নয়’, ‘বলতে পারব না’। জবাবে অসঙ্গতি থাকাতেই ফের তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হচ্ছে। অন্যদিকে যে রেজোলিউশন নিয়ে এত শোরগোল সেই রেজোলিউশনের কপি সংক্রান্ত বিষয়ে কোনও তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীদের দিতে পারেননি।
সূত্রের খবর, এই মামলার তদন্তে সিআইডি যে টিম গঠন করেছে সেই টিমের অনেক অফিসারই ঘুরিয়ে-ফিরিয়ে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তদন্তে পূর্ণ সহযোগিতা করেননি তিনি। এড়িয়ে গিয়েছেন বেশ কিছু প্রশ্ন। দাবি রাজ্য গোয়েন্দা সংস্থার। সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারছেন না সিআইডি-র তদন্তকারীরা।