অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশ দেওয়ালের রং বদল, প্রতিবাদে শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

16

পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাতারাতি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশের রং বদল। কিন্তু কেন ? অভিযোগ, একদল যুবক জোর করে বিজেপি পরিচয়ে ভিতরে ঢুকে রং বদলে দিয়েছে । স্বাভাবিকভাবেই সাংস্কৃতিক কেন্দ্রের আচমকা রং পরিবর্তনে নিন্দার ঝড়।

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, বিভাস চক্রবর্তীরা। চিঠিতে অরুণ মুখোপাধ্য্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্যরা সইও করেছেন। এই কাজ বিজেপির কারও নয় বলেই দাবি বিজেপি রাজ্য সভাপতির। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেনের দাবি, “এরকম কেন হবে? যদি বিজেপির তরফে করা হয় তবে কেন আগে জানানো হল না। যারা করছে তারা ৮০ বছরের প্রতিষ্ঠানকে কলুষিত করছে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে অনেক বিখ্যাত মানুষের নাম জড়িয়ে রয়েছে। এটা আমরা মানতে পারি না।”

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি জানিয়েছেন, “এটা যারা করেছে। ভুল করেছে। অন্যায় করেছে। রংবদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। যারা করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । “