পৃথা দাশগুপ্ত,কলকাতা: খেলা হবে- তৃণমূল কংগ্রেসের বহু চর্চিত স্লোগান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। আর সেই স্লোগানকে হাতিয়ার করে ১৬ অগাস্ট দিনটিকে ‘খেলা হবে’ দিবস ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ এ একুশে জুলাই এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন খেলা হবে দিবসের কথা। এবার সেই ১৬ অগস্টকে নিয়েই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে এই দিনটি আর খেলা হবে দিবস হিসেবে পালন করা হবে না। তার পরিবর্তে আয়ুষ্মান দিবস পালন করা হবে।
১৬ অগস্টই বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হবে। পাশাপাশি এই দিনের সঙ্গেই জুড়ে রয়েছে একটা কালো ইতিহাসও। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। প্রাণ গিয়েছিল বহু মানুষের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “১৬ অগস্ট কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন৷ ওই দিনই সুরাওয়ার্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ আর সেই দিনটায় তৃণমূল কংগ্রেসের সরকার খেলা হবে দিবস পালন করত৷ আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে৷”
পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “৭০ বছরের উপরে হলেই আয়ুষ্মান ভারত সকলে পাবেন। এছাড়াও যারা যোগ্য তাঁরা আয়ুষ্মান ভারত পাবেন। যারা পাচ্ছেন না তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা পাবেন।” অন্নপূর্ণা যোজনা নিয়েও আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আগের সরকার ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে নয় মাস লাগিয়ে দিয়েছিল। আমরা ১ কোটি ২০ লক্ষ লোককে দেড় মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য রয়েছেন তাঁরাও পাবেন। তবে অযোগ্যরা বাদ যাবেন। সরকারি প্রতিটি জিনিসের নিয়ম থাকা দরকার।”
মেচেদায় সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন শুভেন্দু। এরপর দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৬ অগাস্ট নিয়ে পরিকল্পনার কথা জানান