আবাস যোজনায় অসমে ঘর পেয়েছে ২২ লক্ষ পরিবার: অতুল বরা

25

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনায় অসমে ইতিমধ্যে ২২ লক্ষ পরিবার ঘর পেয়ে গেছে, এবং আগামী ১০০ দিনের মধ্যে আরও দুলক্ষ পরিবার আবাস যোজনায় ঘর পাবে, চলতি বিধানসভা অধিবেশনে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা।
মন্ত্রী অতুল বরা বলেছেন, ইতিমধ্যে ২২ লক্ষ ঘর তৈরি হয়ে গেছে, আরও দুলক্ষ ঘর তিন মাসের মধ্যে হয়ে যাবে। আমরা কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠিয়েছি এবং কেন্দ্র অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমাদের প্রস্তাব বিবেচনা করছে। চা-বাগানের ৩.৫ লক্ষ শ্রমিকের জন্য জমির মালিকানা দেওয়া হয়েছে।
এরপর অতুল বরা বলেন, আমরা আরও অর্থ আশা করছি। অসমে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও আবাস তৈরি করা দরকার এতে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে। বিশেষ করে ৩.৫ লক্ষ চা-শ্রমিককে জমির মালিকানা দেওয়ার পর তাদের আবাস দেওয়ার বিষয়টি কেন্দ্র বিবেচনা করেছে।
গ্রামে ঘর নির্মাণে দক্ষ শ্রমিকের অভাব পূরণে অসম সরকার লখিমি মিস্ত্রি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে মহিলাদের রাজমিস্ত্রি ও ঘর নির্মাণের কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে, জানিয়েছেন অতুল বরা। তিনি বলেন, এই প্রকল্পে ৫ হাজার মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন। আরও ৫ হাজার মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে।