নিউজ ডেস্ক: ঘোষিত ২৭ বিদেশি নিয়ে গুয়াহাটি হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশকে অসম সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গালে থাপ্পড় বলে মনে করেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ।
ঘোষিত ২৭ বিদেশি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে রাইজর দলের প্রধান অখিল গগৈয়ের প্রথম প্রতিক্রিয়া হল, অসম সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই নাগরিকত্ব বিচার করছে এবং সন্দেহভাজনদের বিদেশি ঘোষণা করার জন্য চাপ সৃষ্টি করছে বিদেশি ট্রাইব্যুনালের ওপর।
অখিল গগৈ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর গালে বড় থাপ্পড়। ইদানীং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলছেন যে সন্দেহভাজন নাগরিককে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করতে আদালতে যাওয়ার কোনও প্রয়োজন নেই। সন্দেহ থাকলেই আটক করা যাবে। হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অখিলের মতে, কোনও জেলাশাসক বা এসপি কোনও ব্যক্তিকে সন্দেহবশত আটকাতে বা জেলে পাঠাতে পারে না। তাদের সেই অধিকার নেই। এটা আইনি বিষয়, একমাত্র আদালত পারে কোনও নির্দেশ দিতে, মত অখিল গগৈয়ের।
অখিল গগৈয়ের মতে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অসম সরকার সন্দেহভাজনদের যে কোনও মূল্যে বিদেশি ঘোষণা করার জন্য ট্রাইব্যুনালকে চাপ দিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এজন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিদেশি ঘোষণার আগে সবকিছু যাচাই করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকৃতার্থে অসম সরকারকে হুমকি। ২৭ বিদেশি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি, আশা করি অসম সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কাউকে বিদেশি ঘোষণা করবে।
সম্প্রতি সন্দেহভাজন ২৭ নাগরিককে বিদেশি ঘোষণা করেছিল অসমের বিদেশি ট্রাইব্যুনাল। যদিও তাদের কেউ ট্রাইব্যুনালে হাজির হয়নি। এরপর এই ২৭ ঘোষিত বিদেশি গুয়াহাটি হাইকোর্টে আবেদন করেছিল। গুয়াহাটি হাইকোর্ট বিদেশি ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। সোমবার সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে দিয়েছে। তাদের ফের ট্রাইব্যুনালে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
Next Post