সপ্তম পে কমিশন গঠনে পদক্ষেপ রাজ্যের, জারি বিজ্ঞপ্তি

52

পৃথা দাশগুপ্ত,কলকাতা:পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি কর্মীদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পাশাপাশি রাজ্য সরকার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশন গঠন করবে। সেই লক্ষ্যে প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ রাজ্যের । এই পদক্ষেপ প্রাথমিক উদ্যোগ ,দাবি সরকারি কর্মচারী সংগঠনের একাংশের।

রাজ্য সরকারের অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরবর্তী বেতন কমিশন গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরকে তাদের বেতন ও ভাতা সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পরবর্তী বেতন কমিশনের কাছে পেশ করার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। জলসম্পদ উন্নয়ন নির্দেশ, কর্মিবর্গ এবং মুখ্য বাস্তুকারের কাছে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, অর্থ দফতরের গ্রুপ-পি১ শাখার ছাড়পত্র মেলার পর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, গত ৯ জুলাই জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের ডেপুটি সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান। সেই চিঠিতে পূর্ববর্তী ৭ মার্চ ২০২৫ তারিখের মেমো নম্বরের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, অর্থ দফতরের গ্রুপ-পি১ তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে, প্রশাসনিক দফতরকে যেন পরবর্তী বেতন কমিশনের কাছেই সমস্ত প্রস্তাব জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। নতুন বেতন কমিশন গঠিত হওয়ার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

দীর্ঘ সময় ধরে বকেয়া মহার্ঘ ভাতা এবং নতুন বেতন কমিশন গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। প্রথম বাজেটে ২০ শতাংশ ডিএ ঘোষণার সিদ্ধান্ত ছিল অভিযোগ নিষ্পত্তি করার প্রথম ধাপ। আর এ বার সপ্তম পে কমিশন গঠনের রূপরেখা তৈরি করা হল। নতুন পে কমিশন গঠনের বিষয়টি বাস্তবে রূপ পেতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল।