আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই উড়ান

69

নিউজ ডেস্ক: আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সরাসরি গুয়াহাটি-দুবাই এবং গুয়াহাটি-আবু ধাবি বিমান পরিষেবা। অসমের পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের দুটি গন্তব্য দুবাই ও আবু ধাবি। এই পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের সুবিধা হবে বলা বাহুল্য। এই বিমান পরিষেবা চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের গুয়াহাটি-দুবাই পরিষেবা চালু হবে ৪ আগস্ট। এটি সরাসরি উড়ান, মাঝে কোথাও থামবে না। গুয়াহাটি-দুবাই বিমান পরিষেবা চালু হবে ৭ আগস্ট। দুটি পরিষেবাই হবে সরাসরি এবং কোথাও থামবে না। এর ফলে মেট্রোপলিটন এয়ারপোর্টের ট্রানজিটের সময় বাঁচবে যাত্রীদের।
এতদিন মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য উত্তর-পূর্বের বিমান যাত্রীদের নির্ভর করতে হত দিল্লি, কলকাতা বা মুম্বাইয়ের ওপর। গুয়াহাটি থেকে অন্যান্য শহরে গিয়ে তাঁদের উড়ান ধরতে হত মধ্যপ্রাচ্যের। গুয়াহাটি থেকে দুবাই, আবু ধাবির সরাসরি বিমান পরিষেবায় তাঁদের সময় ও খরচ অনেকটাই কমবে।
সংযুক্ত আরব আমিরশাহিতে উত্তর-পূর্বের প্রচুর মানুষ থাকেন। এ ছাড়া প্রতিনিয়ত যাতায়াত করেন পর্যটক, ব্যবসায়ী, পড়ুয়ারা। এ ছাড়া উত্তর-পূর্বের প্রচুর শ্রমিক কাজ করেন মধ্যপ্রাচ্যে। সরাসরি বিমান পরিষেবায় এরা সবাই উপকৃত হবে।
দুটি পরিষেবার টিকিটের দাম ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। গুয়াহাটি-দুবাই বিমান টিকিটের দাম শুরু হচ্ছে ২১,১৮৮ টাকা থেকে আর গুয়াহাটি-আবু ধাবির বিমানভাড়া শুরু ১৯,৭৫৯ টাকা থেকে।
গুয়াহাটি থেকে দুবাই ও গুয়াহাটি আবু ধাবি বিমান পরিষেবা চালু হলে মধ্যপ্রাচ্যের সঙ্গে উত্তর-পূর্বের সম্পর্ক আরও উন্নত হবে। এর ফলে ব্যবসার গতিশীলতাও বাড়বে।