নিউজ ডেস্ক: কাজিরঙায় অর্কিড পার্ক অখিল গগৈ চালাচ্ছেন এবং দর্শকদের থেকে টিকিটের পয়সা নেওয়া হলেও সরকারকে কোনও জিএসটি দেওয়া হয় না, অভিযোগ অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার। এবিষয়ে তদন্ত করার জন্য বিধানসভার থেকে অনুমতি চেয়েছেন জয়ন্ত মল্ল।
অসম বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বলেন, কাজিরঙার অর্কিড পার্ক চালাচ্ছেন অখিল গগৈ। পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হয় দর্শকদের, কিন্তু এই বাবদ কোনও কর দেওয়া হয় না সরকারকে। জয়ন্ত মল্ল বরুয়ার অভিযোগ যে অখিল গগৈ অসমের রাজস্বের ক্ষতি করছেন। এরপর বলেন, যদি বিধানসভা অনুমতি দেয় তাহলে আমি এই বিষয়ে তদন্তের নির্দেশ দিতে চাই।
বুধবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাজেট নিয়ে ভাষণ দেওয়ার সময় বারবার প্রশ্ন করছিলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। সেজন্য তাঁকে বিধানসভা থেকে বহিষ্কার করা হয়। তাঁর অনুপস্থিতিতে কর না দেওয়ার অভিযোগ আনেন জয়ন্ত মল্ল বরুয়া।
জয়ন্ত মল্ল বরুয়ার অভিযোগ নিয়ে অখিল গগৈ কোনও উত্তর দেননি।
Prev Post