সোনমের স্বাস্থ্যের দিকে নজর দিতে সরকারকে নির্দেশ আদালতের

41

নিউজ ডেস্ক: দিল্লির যন্তরমন্তরে সোনম ওয়াংচুকের অনশন ১৯ দিনে পড়ল। তাঁকে জোর করে খাওয়ানোর জন্য দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে সরকারকে। যে কোনও নাগরিকের জীবন মূল্যবান। সরকারকে সেই জীবন রক্ষার জন্য যা করা উচিত করতে হবে, নির্দেশ আদালতের। বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিবাদে অনশন করছেন লাদাখের পরিবেশবিদ, সমাজকর্মী, শিক্ষক সোনম ওয়াংচুক।
এদিকে, ৫৯ বর্ষীয় সোনম ওয়াংচুক বলেছেন, আমার শরীর ভাল নয়। তবে খুব খারাপও নয়। এমন অবস্থা নয় যে, দু-চার দিনেই মরে যাব। আমি যদি অনশন ভঙ্গ করি তাহলে সরকারের কাছে কী বার্তা যাবে? বার্তা এটাই যাবে যে উত্তর দেওয়ার কোনও দরকার নেই। এটা ঠিকই যে অনশনের জন্য আমার শারীরিক পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, কিন্তু মন ও হৃদয়ের দিক থেকে আমি ঠিক আছি।
গত সেপ্টেম্বরে লাদাখের পূর্ণ রাজ্যের দাবিতে ৩৫ দিনের অনশনে বসেছিলেন সোনম। কিন্তু লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুসপ্তাহ পর তাঁকে অনশন ভঙ্গ করতে হয়। এবং সোনমকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সরকার।
বিভিন্ন বিরোধী দলের নেতারা সোনমকে অনশন ভঙ্গ করার আহ্বান জানিয়েছেন। এবিষয়ে সোনম বলেছেন, আমাকে অনশন ভঙ্গ করতে না বলে আপনারা ২০ জুলাই আমাদের সঙ্গে যোগ দিন, তাহলে সরকারের কাছে জোরালো বার্তা যাবে। ২০ জুলাই ককরোচ জনতা পার্টি সংসদ অভিযানের ডাক দিয়েছে। ২০ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন।
সোনমের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের নেতারা। তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা গিয়েছিলেন যন্তরমন্তরে। সোনমদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অর্থনীতিবিদ জয়তী ঘোষ। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে সোনমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
বিরোধী দলের নেতা-সাংসদরা স্থির করেছেন, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন, ২০ জুলাই ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে অনুরোধ জানাবে অনশন ভঙ্গ করতে।