অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এক মাসের রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

58

পৃথা দাশগুপ্ত,কলকাতা: সই জালিয়াতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট স্বস্তি দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এক মাসের জন্য রক্ষাকবচ দিলেন বিচারপতি কৌশিক চন্দ।

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে মামলা শুরু হয়েছিল। বিধানসভার স্পিকারের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা মনোনীত করা হলেও অভিযোগ ওঠে, ওই চিঠিতে কয়েক জন বিধায়কের সইয়ে কারচুপি করা হয়েছে। চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরও ছিল। সেই সূত্রেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং পরে পুলিশ এফআইআর নথিভুক্ত করে।

পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিসও পাঠানো হয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে এর আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সে সময় আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে মূল এফআইআর-টিই বাতিল করার আবেদন জানিয়েছেন।

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন ঘিরে রাজ্য সরকারকে নোটিস দিয়েছে কলকাতা হাইকোর্ট।‌ বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি ছিল। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে এই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

বিচারপতি কৌশিক চন্দ আজকের মামলায় স্বস্তি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্পষ্ট নির্দেশ, এক মাস তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।