গত ১০ বছরে ১৫২% পর্যন্ত বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম!

357

নিউজ ডেস্কঃ গত এক মাসে অস্বাভাবিক হারে বেড়েছে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। ডিম থেকে চাল, তেল থেকে চিনি, সবকিছুর দাম বেড়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সরকার কঠোর নির্দেশনা জারি করলেও, টাস্ক ফোর্স গঠন করলেও গোটা রাজ্যে কালোবাজারি বেড়েই চলেছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির জন্য রীতিমতো বিপাকে পড়েছেন আমজনতা।

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রকোপে আমজনতার হাহাকার। বাজারে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। গত এক মাসে অস্বাভাবিক হারে বেড়েছে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। ডিম থেকে চাল, তেল থেকে চিনি, সবকিছুর দাম বেড়েছে।

কদিন আগেই ১৯০ থেকে ২০০ টাকায় পাওয়া যেত এক প্লেট ডিম। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ থেকে ২৬০ টাকায়। একইভাবে ১১০০ টাকায় পাওয়া ২৫ কেজি চালের বস্তা এখন ১২৫০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। সবমিলিয়ে সার্বিকভাবে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। বিধানসভায় তুলে ধরা তথ্য অনুযায়ী, গত ১০ বছরে ১৫২% পর্যন্ত বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম।

গত বছরে কীভাবে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, দেখে নেওয়া যাক একনজরে।

বাজারে আগুন
সামগ্ৰী ২০১৬ সাল ২০২৬ সাল

চাল ২৪ টাকা ৩৭.৮৫ টাকা
আটা ২৫ টাকা ৩৮.৮৫ টাকা
মসুর ডাল ৮৩ টাকা ৯১.০৪ টাকা
মুগ ডাল ৯২ টাকা ১০৮.৪৮ টাকা
চানার ডাল ৬২ টাকা ৮৪.৫৯ টাকা
অড়হর ডাল ১০৭ টাকা ১১৮.৩৭ টাকা
সরষের তেল ৮০ টাকা ২০২.১১ টাকা
সোয়াবিন তেল ৭৫ টাকা ১৬৫.৫৮ টাকা
নুন ৬ টাকা ১১.৭৮ টাকা
চিনি ৩৫ টাকা ৪৯.০৪ টাকা
আলু ১২ টাকা ১৬.৫২ টাকা
পিঁয়াজ ২০ টাকা ৩৫.৫৬ টাকা

মূল্যবৃদ্ধির এই প্রকোপ শুধু রান্নাঘরেই আটকে থাকেনি। খাদ্য সামগ্রীই নয় শুধু, জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বেড়ে গেছে পরিবহন ব্যয়। যে সুযোগ নিয়ে অসম মটর ট্র্যান্সপোর্ট সংস্থাও বাসের ভাড়া ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে। গত ১০ বছরে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির হিসেবটা এবার দেখে নেওয়া যাক একনজরে।

বাজারে আগুন
সাল পেট্ৰোল ডিজেল
২০১৬ ৫৮.৯৮ ৪৪.৮২
২০২৬ ১০৫.৭৩ ৯৭.২৩

এদিকে আবার ডমেস্টিক সিলিন্ডারের সঙ্গে বাণিজ্যিক সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে রাজ্যের হোটেল, রেস্টুরেন্টগুলোয় বিভিন্ন খাবারের দাম ১০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।
গত ১০ বছরে সিলিন্ডারের মূল্যবৃদ্ধির তফাৎটা দেখে নেওয়া যাক এবার।

বাজারে আগুন
সাল ডমেস্টিক সিলিন্ডার বাণিজ্যিক সিলিন্ডার
২০১৬ ৬৩০ টাকা ১১৬১.৫০ টাকা
২০২৬ ৯৯১ টাকা ৩১৭৩.৫০ টাকা

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য সরকার টাস্ক ফোর্স গঠন করে দিলেও বাস্তবে তার কোনও ফল পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে কালোবজারি চালিয়েই যাচ্ছে। যোগান বিভাগের দুর্বলতার সুযোগ নিয়ে অবাধে চলছে কালোবাজারি। আমজনতার দাবি তাই একটাই, ভাষণ বা প্রতিশ্রুতি নয়, বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর, কার্যকরী পদক্ষেপ নিক সরকার। যাতে করে দুবেলা দুমুঠো খেয়ে যেতে পারে সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধি নিয়ে গোটা রাজ্যের গ্রাহক তথা খুচরো ব্যবসায়ীরা গভীর সঙ্কটের মুখে।

গ্রাহক তথা সাধারণ মানুষের একটাই প্রশ্ন, মূল্যবৃদ্ধির এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে পারবে সরকার? না এভাবেই এগোবে বাজার? মূল্যবৃদ্ধি নিয়ে সরকারি নির্দেশনা কাগজেই সীমাবদ্ধ থাকবে না বাস্তবে কোনও ফল পাওয়া যাবে তার, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন।