অভিষেকের আমতলার পার্টি অফিস ঘিরে ফেলল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী, চলল বুলডোজার

6

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকায় তুমুল চাঞ্চল্য। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিসে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বৈধ বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় অনুমোদনের নথি ছাড়াই ওই কার্যালয় তৈরি করা হয়েছে। পরপর একাধিক নোটিস পাঠানো হলেও তার কোনও জবাব না মেলায় প্রশাসন কড়া পদক্ষেপের পথে।‌ এই বিষয় দলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও। তিনটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে কার্যালয়ের একাংশ।

প্রশাসন সূত্রে খবর, ৩০ জুন প্রথম নোটিস পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট কার্যালয়ে। পরে ৭ জুলাই দ্বিতীয় নোটিসও দেওয়া হয়। পাশাপাশি, ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, কোনও নোটিসেরই উত্তর দেওয়া হয়নি এবং নির্ধারিত দিনেও হাজিরা দেওয়া হয়নি। এরপরই প্রশাসন আরও কঠোর অবস্থান নেয়।

প্রশাসনের দাবি, কার্যালয়টি যে জমির উপর নির্মিত হয়েছে, সেই জমি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামে একটি সংস্থার নামে কেনা হয়েছিল। সংশ্লিষ্ট নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলেও প্রশাসনের দাবি। তবে এই নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণের বৈধ কাগজপত্র এবং অন্যান্য নথি জমা দেওয়া হয়নি বলে অভিযোগ।

আমতলা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।সকাল থেকে কার্যালয় চত্বরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের আধিকারিকদের উপস্থিতি রয়েছে। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি দমকল বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।