১০ বছর জেল, ১০ কোটি জরিমানা সোমবার আসছে নতুন বিল

70

নিউজ ডেস্ক: নিট ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের জেরে নাজেহাল অবস্থা কেন্দ্রীয় সরকারের। দিল্লির যন্তরমন্তরে প্রায় মাসখানেক হল অবস্থান-ধর্না চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সোমবার সংসদ চলো অভিযানে প্রচুর পড়ুয়া আহত হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা পাঁচ দিন লোকসভার অধিবেশন পণ্ড হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে গত রাতে ভিডিওবার্তায় বলেছেন, একগুচ্ছ পদক্ষেপ করছে সরকার। দুদিন আগে প্রশ্নফাঁসে ধৃতদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। গত রাতে এবিষয়ে কড়া বিল আনার ইঙ্গিত দেন নরেন্দ্র মোদী। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে প্রশ্নফাঁস বিরোধী বিলের খসড়া তৈরি হয়েছে। প্রশ্নফাঁসের অভিযোগে কেউ গ্রেফতার হল তার ১০ বছরের সাজা এবং ১০ কোটি টাকা জরিমানার প্রস্তাব রয়েছে বিলে। সোমবার এই বিল সংসদে পেশ করা হতে পারে।
এদিকে, সংসদ চলো অভিযানে আহত এক পড়ুয়াকে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রকাশ্যেই সংশ্লিষ্ট পডুয়ার দেহে ক্ষতের চিহ্ন দেখিয়ে তাঁর অভিযোগ পড়ুয়াদের ওপর ছররা গুলি চালিয়েছে পুলিশ, তখন ছাত্রদের হাতে ছিল জাতীয় পতাকা। এরপরই তিনি বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়া কোনও সংসদে কোনও আলোচনা হবে না।
এর আগে, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান যে নিট প্রশ্নফাঁস নিয়ে সরকার আলোচনায় রাজি, কিন্তু সংসদে কোনও ধারায় আলোচনা হবে সেটা ঠিক করবেন স্পিকার। যদিও রিজিজুর প্রস্তাব উড়িয়ে দিয়ে রাহুল-খাড়গে দুজনেরই বক্তব্য, প্রথমে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তার পর আলোচনার প্রসঙ্গ।