কংগ্রেস কাজিরঙা ধ্বংস করেছিল, আমরা ঠিক করেছি: হিমন্ত

46

নিউজ ডেস্ক: কাজিরঙা জাতীয় উদ্যানের সংরক্ষণ ও ব্যবস্থাপনা কংগ্রেস আমলে ধ্বংস হয়ে গিয়েছিল এবং অসমে বিজেপি সরকার আসার পর সেটা ঠিক করা হয়েছে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।
এখানেই না থেমে হিমন্ত বলেছেন, যদি গৌরব গগৈয়ের বাবা তরুণ গগৈ আরও পাঁচ বছর মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে কাজিরঙা জাতীয় উদ্যানে একটি গন্ডারেরও অস্তিত্ব থাকত না। এরপর হিমন্ত বলেছেন, কাজিরঙাকে ধ্বংস করার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত।
কাজিরঙা জাতীয় উদ্যানের পাশে পারিবেশিক সংবেদনশীল অঞ্চল বা ইএসজেড এক কিলোমিটার প্রস্তাব রয়েছে অসম সরকারের। যা নিয়ে অসমে বিতর্ক শুরু হয়েছে। হাতি চলাচলের করিডোর এর ফলে বিপন্ন হয়ে পড়বে কি না প্রশ্ন তুলেছে কংগ্রেস সহ সব বিরোধী দল।
মায়ানমার থেকে অরুণাচল প্রদেশের চাংলাং জেলা হয়ে অসমের তিনসুকিয়া জেলায় একটি মাদক করিডোর তৈরি হয়েছে বলে মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি গুয়াহাটিতে ৮০ কোটি টাকার মাদক ধরা পড়েছে, যা পাঠানো হচ্ছিল পাঞ্জাবে। এরপর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগে মাদক আসত মিজোরাম-মায়ানমার এবং মণিপুর-মায়ানমার রুটে, অরুণাচল-মায়ানমার সীমান্ত দিয়ে মাদক আসত না। কিন্তু কিছুদিন হল, আমরা তিনসুকিয়া থেকে মাদক উদ্ধার করেছি।
এটা উজান অসমের জন্য উদ্বেগের বিষয়। এখন নতুন মাদক চোরাচালানের নতুন রুট তৈরি হয়েছে মায়ানমার থেকে অরুণাচল প্রদেশের চাংলাং জেলা হয়ে অসমের তিনসুকিয়া জেলায়, বলেন হিমন্ত।