পৃথা দাশগুপ্ত, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছিলেন, জেন জি-র সঙ্গে সংযোগ আরও বাড়াতে হবে। জেন জি আন্দোলনে উত্তাল হয়েছিল দিল্লির যন্তর মন্তর। আন্দোলন স্তিমিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মত এবার কলকাতায় জেন জি উৎসবের আয়োজন বিজেপির। আগামী ১ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে জেন জি উৎসব।
ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। থাকবেন সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রথীজিৎ ভট্টাচার্য,সৌরেন্দ্র- সৌম্যজিৎ সহ আরো অনেকে। ফেস্টিভ্যালের পোস্টারেও রয়েছে সুকান্ত মজুমদারের ছবি। সুকান্ত মজুমদার বলেন, “একটি সংস্থার উদ্যোগে জেন জি-দের ডাকা হয়েছে। আমরা সেখানে থাকব। আমাদের দলের সর্বভারতীয় সভাপতিও জেন জি-দের সঙ্গে সংযোগের কথা বলেছেন। তাই আমরা উপস্থিত থাকব।”
বিভিন্ন ধরনের সংগীত পরিবেশিত হবে এই অনুষ্ঠানে। মূলত জেন জি দের উৎসাহ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।