শাড়ি পরেই ম্যারাথনে প্রথম! মেয়েদের স্কুলের ফি জোগাতে লড়াই মা-এর

23

নিউজ ডেস্ক: বছর সাতচল্লিশের রমাবাই মহারাষ্ট্রের বীড় জেলার বাসিন্দা, পরিবারের একমাত্র উপার্জনকারী। দুই মেয়ের পড়াশোনার খরচ চালাতে বাড়ি-বাড়ি গিয়ে রান্নার কাজ করেন তিনি। মেয়েদের পড়াশোনা কোনোভাবেই যাতে থেমে না যায় সেটাই তাঁর একমাত্র লক্ষ্য । স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব নিজেই কাঁধে তুলে নেন রমা। মেয়েদের স্কুলের মাইনে দিতে পারেননি। টাকা জোগাড়ে মরিয়া হয়ে উঠছিলেন, ঠিক তখনই শুনতে পান এডুকেশনাল কমপ্লেক্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। খবর পাওয়ামাত্রই দেরি না করে নাম লিখিয়ে দেন ওই প্রতিযোগিতায়। ছত্রপতি শিবাজি মহারাজ চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি ভাগ্যনগর চত্বরে গিয়ে শেষ হয়। রমাবাইও সাধারণ প্রতিযোগী হিসেবে অংশ নেন। তিনি পরেছিলেন সাধারণ শাড়ি আর পায়ে স্যান্ডেল। দৃঢ় মনোবল আর অদম্য সাহস নিয়ে বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে ফিনিশিং লাইন অতিক্রম করে ম্যারাথনে জয়ী হন রমা। হাতে জুতো নিয়ে দৌড় শুরু করেন। ম্যারাথন জয়ের পর ৩ হাজার টাকা পুরস্কার মেয়েদের পড়াশোনায় ব্যবহার করবেন বলে জানিয়েছেন রমাবাই। তাঁর এই জয় আবারো দেখিয়ে দিল, ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে সাতচল্লিশে এসেও ম্যারাথন জয় সম্ভব।