পৃথা দাশগুপ্ত, কলকাতা: ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরনিগমের নির্বাচন শেষ হবে, ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তৎপরতা একেবারে তুঙ্গে। ৭ ডিসেম্বরের মধ্যে ভোট শেষ করতে দফায় দফায় বসছে বৈঠক। সবরকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে অত্যন্ত তৎপরতার সঙ্গে।
কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, বালি, কার্শিয়াং, কালিম্পং, ঝাড়গ্রামে হতে পারে পুরভোট। এই নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। সব জেলার জেলাশাসক সহ পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা ছিলেন এই বৈঠকে।
পুরভোটেও একাধিক নাম বাদ পড়ার আশঙ্কা। কারণ, এসআইআর হওয়ার পর যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন কয়েকলক্ষ নাম বিচারাধীন ছিল। ট্রাইবুনাল তৈরি করে সেই সব বাদ পড়া নামের নিষ্পত্তি করার প্রক্রিয়া এখনও চলছে। এই নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপও করেছে। বহু নাম এখনও বিচারাধীন।
কমিশন সূত্রে খবর, গত ১ জুলাই যে ফাইনাল রোল প্রকাশ হয়েছে, তার উপর নির্ভর করেই হবে পুরভোটের ভোটার তালিকা। সাধারণত জুলাই মাসের পর অক্টোবরে ফের একবার রোল প্রকাশিত হয়। কিন্তু অক্টোবর আসতে অনেক দেরি, তাই জুলাই মাসের রোল অনুযায়ীই ভোট হবে।
কোন ওয়ার্ডে কত জনসংখ্যা, পুর দফতর থেকে সেই তালিকা এসে পৌঁছলেই আসন সংরক্ষণের কাজ শুরু করে দেবে রাজ্য নির্বাচন কমিশন। পুজোর আগেই শেষ হবে আসন সংরক্ষণের কাজ। এস সি ,এস টি, মোট জনসংখ্যা কত তা নিয়ে পর্যালোচনা চলছে। কোনো মিউনিসিপ্যালিটিতে যত সংখ্যক জনসংখ্যা তার এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
পুরভোটে যাতে কোন অশান্তি না হয়, নিরাপত্তা খতিয়ে দেখবে রাজ্য নির্বাচন কমিশন। ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেটাই একমাত্র লক্ষ্য নতুন সরকারের।