বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় রাতেই গ্রেফতার কংগ্রেস নেতা

18

পৃথা দাশগুপ্ত,কলকাতা:মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী তথা বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি কতগুলো লোককে দেখলাম, ভবানীপুরে থানার সামনে ছবি পুড়িয়েছে। আমি এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে। এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন।” এরপর রাতে গ্রেফতার করা হয় কংগ্রেস নেতাকে।‌

সম্প্রতি রাজ্যে এসে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন বাগেশ্বর বাবা। একটি অনুষ্ঠান থেকে তিনি মন্তব্য করেন, দুর্গা পূজা চলাকালীন বাঙালিদের আমিষ খাওয়ার অভ্যাস তাঁর পছন্দ নয়। যাঁরা ওই সময় আমিষ খান, তাঁদের পাখণ্ডী বলেও উল্লেখ করেন তিনি। তাঁর এই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে।

বিজেপি নেতারাও স্পষ্ট করেন, বাগেশ্বর বাবার বক্তব্যের সঙ্গে তাঁদের মতের কোনও মিল নেই। বাগেশ্বর বাবা ওই বক্তব্যের পরই ভবানীপুরে তাঁর ছবি নিয়ে প্রতিবাদ জানান কংগ্রেস নেতারা। প্রতিবাদ মিছিল করে বাগেশ্বর বাবার ছবি পোড়ানো হয় ।‌

রাতেই টালিগঞ্জের বাড়ি থেকে কংগ্রেস নেতা অতনু দাসকে গ্রেফতার করে ভবানীপুর থানায় পুলিশ। আজ আদালতে পেশ করা হবে অতনু দাসকে।