কালীঘাট তৃণমূলকে ফের ডাকল নির্বাচন কমিশন

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা:জাতীয় নির্বাচন কমিশনের ফের চিঠি কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। ১২ সেপ্টেম্বরই জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুই শিবির। প্রয়োজনীয় নথিও জমা দেয়।

আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টেয় ডাকা হয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। ১৭ সেপ্টেম্বরও ফের শুনানির সম্ভাবনা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চিঠি ইমেলে পাঠানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শিবিরকে বেশ কিছু নথি জমা দিতে হবে। সেই কারণেই তলব, সূত্রের খবর।‌

১৬ সেপ্টেম্বর রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

আগামী ১৭ তারিখ বিকেল ৪টের সময় জাতীয় নির্বাচন কমিশনের অশোকা রোডের অফিসে শুনানি হতে পারে। সেখানে কালীঘাট তৃণমূলকে ডাকা হতে পারে।

সূত্রের খবর, ঋতব্রত পন্থী তৃণমূল শনিবার শুনানিতে কমিশনের কাছে যে নথি জমা দিয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে কালীঘাট তৃণমূল কংগ্রসকে দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে তাদের লিখিত জবাব ১৬ সেপ্টেম্বর দুপুর তিনটের মধ্যে জমা দিতে হবে। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগেই নির্বাচন কমিশন আসল তৃণমূল কে, সেই সিদ্ধান্ত নেয় নাকি দলের নাম-প্রতীক আপাতত ফ্রিজ করে দেয়, সেটাই দেখার।