হিমাশ্রীর পরিবারকে ৫ লক্ষ টাকা সরকারের

23

নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশে রহস্যজনকভাবে মৃত হিমাশ্রী পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে অসম সরকার। অন্ধ্রপ্রদেশে গত সপ্তাহে রেললাইনের পাশে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অসমের তরুণী নৃত্যশিল্পী হিমাশ্রী বড়োর দেহ। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহায়তা চেক পরিবারের হাতে তুলে দেন ডিমরিয়ার বিধায়ক তপন দাস।
হিমাশ্রী বড়োর রহস্যমৃত্যুর বর্তমানে তদন্ত চলছে। অন্ধ্রপ্রদেশ থেকে অসমে ফেরার সময় তিনি কীভাবে নিখোঁজ হলেন এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গুয়াহাটির উপকণ্ঠে বোন্দার কাছে চাপাইডাংয়ের বাসিন্দা হিমাশ্রী বিশাখাপত্তনমে গিয়েছিলেন অসমিয়া নৃত্যদলের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ট্রেনে অসমে ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে যান। পরে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় রেললাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
গত শনিবার অসম সরকারের ‘শ্রদ্ধাঞ্জলি’ প্রকল্পের আওতায় একটি ডিপ-ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে হিমাশ্রীর মরদেহ চাপাইডাংয়ে তাঁর বাসভবনে নিয়ে আসা হয়।
সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান। তিনি বলেন, হিমাশ্রীর মৃত্যু তাঁর পরিবার এবং সমগ্র অসমের মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে। তিনি আরও জানান, তদন্তে সহায়তার জন্য অসম পুলিশের এক আইজিকে অন্ধ্রপ্রদেশে পাঠানো হয়েছে।
হিমাশ্রীর মৃত্যুর কারণ ও পরিস্থিতি এখনও অস্পষ্ট। অন্ধ্রপ্রদেশ পুলিশ জানিয়েছে যে, ময়নাতদন্তে শারীরিক বা যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে, ট্রেন থেকে তাঁর পড়ে যাওয়াটা দুর্ঘটনা ছিল নাকি ইচ্ছাকৃত, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।
তদন্তের অংশ হিসেবে, পুলিশ সিসিটিভি ফুটেজ, কল ডিটেল রেকর্ড, রিজার্ভেশন চার্ট এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখছে, যাতে মৃত্যুর আগের ঘটনা পুনর্নির্মাণ করা যায়।