শুক্রবার জাতীয় পতাকা ওড়ানোর ডাক দীপকের

12

নিউজ ডেস্ক: সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে দিল্লি পুলিশ গ্রেফতার করার পর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ‘তেরঙা ওড়াও’ অভিযানে জাতীয় পতাকা হাতে নিয়ে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার, দিল্লির কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ অভিযানের নেতৃত্ব দেবেন দীপকে। বিকেল ৫টা নাগাদ জমায়েত হবে।
দিল্লির যন্তর মন্তরকে সম্প্রতি প্রতিবাদের জায়গার তালিকা থেকে সরিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যন্তর মন্তরে এখন জমায়েত বা যে কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ। ওই নির্দেশের পরেও মঙ্গলবার সৌরভ ও রাঙ্কার নেতৃত্বে সিজেপির কয়েকজন লোহার দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন এবং জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন। পুলিশ তাঁদের গ্রেফতার করে। এবং তাঁদের পাঁচদিনের জেল হয়েছে।
দীপকের বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়। তার জন্য কাউকে জেলে পাঠানো যায় না। দীপকে বলেছেন, আপনারা সকলে জানেন, সৌরভ আর আশুতোষকে শুধু জাতীয় পতাকা ওড়ানোর জন্য জেলে পাঠানো হয়েছে। সব দেশভক্তের কাছে অনুরোধ, যাঁরা দেশকে এবং জাতীয় পতাকাকে ভালোবাসেন, ১৬ অক্টোবর বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আসুন। যাঁরা আসতে পারবেন না, নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙা অভিযান’ বের করুন। এরপরই দীপকে বলেছেন, হয়তো এর পর আমাকেও গ্রেফতার করা হবে। আমি তা নিয়ে ভাবি না। জাতীয় পতাকা আমার গর্ব। আমি তা ওড়াবই।