তেরঙা ওড়াও কর্মসূচি আটকাতে ১৬৩ ধারা!

25

নিউজ ডেস্ক: দিল্লির কনট প্লেসে সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির তেরঙা ওড়াও কর্মসূচি যেভাবেই বন্ধ করার প্রস্তুতি দিল্লি পুলিশের। কনট প্লেসে দুদিনের জন্য ১৬৩ ধারা জারি করা হয়েছে। সেন্ট্রাল পার্কে লাগানো হয়েছে তালা। পুলিশের একটি সূত্রের দাবি, ১১ জন জাতীয় পতাকা ওড়াতে পারবে। মজার বিষয় হল, মুম্বাইয়ে শুক্রবার সিজেপির তেরঙা ওড়াও কর্মসূচির অনুমতি দিয়েছে দেবেন্দ্র ফডনবীশ সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিচালিত দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবারের কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি। কেউ তেরঙা ওড়াতে গেল উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি পুলিশের। কনট প্লেসের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এধরনের অননুমোদিত জমায়েতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
দিল্লি পুলিশ দিল্লি হাইকোর্টে জানিয়েছিল, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপির প্রস্তাবিত কর্মসূচির জন্য সম্ভাব্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। পালিকা বাজারের এক ব্যবসায়ীয় আবেদনের শুনানির সময় এই ‘আশ্বাস’ দেওয়া হয় দিল্লি পুলিশের তরফে। যদিও দিল্লি পুলিশের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির বিরুদ্ধে নির্দেশ জারির আর্জি খারিজ করেছে দিল্লি হাই কোর্ট।
বুধবার সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে পাঁচ দিনের জন্য জেল হেফাজতে পাঠায় দিল্লির একটি নিম্ন আদালত। তাঁরা ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরে ঢুকে তেরঙা ওড়াচ্ছিলেন। পুলিশ তাঁদের গ্রেফতার করে। তাঁদের গ্রেফতারির প্রতিবাদে দীপকে ‘লেহরা দো তেরঙ্গা’ অভিযানে জাতীয় পতাকা হাতে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আইসা নেত্রী নেহা বরা, আইনজীবী প্রশান্তভূষণ ও অভিনেতা প্রকাশরাজের পাশে বসে তিনি প্রশ্ন করেছেন, জাতীয় পতাকা ওড়ানো হলে দিল্লি পুলিশের এত সমস্যা কেন?
এদিকে, দিল্লি পুলিশ দীপকে-সহ সিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে তফসিলি জাতি-জনজাতি আইনে এফআইআর কয়েছে। এফআইআরে দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং রত্না সিংহের পাশাপাশি স্বাধীন সাংবাদিক রোজি ও গজেন্দ্র সিংহের নাম আছে।