ক্রাইম সিন অক্ষত রেখে আজ হবে চোরবাগানের প্রতিমা নিরঞ্জন

27

পৃথা দাশগুপ্ত, কলকাতা: চোর বাগানে ১৯ জনের মর্মান্তিক মৃত্যু। হাইকোর্টের তত্ত্বাবধানে গঠিত সিট তদন্ত শুরু করেছে। কিন্তু মণ্ডপের কিছুটা অংশ না ভাঙলে কীভাবে প্রতিমা বের করা হবে ? মন্ডপের ভিতরেই কী হবে প্রতিমা নিরঞ্জন? নাকি মন্ডপের একাংশ ভেঙে বের করা হবে মা -কে? তাই নিয়ে সকাল থেকে চলছে আলোচনা। প্রযুক্তিগত ও কারিগরি বিষয় খতিয়ে দেখে মণ্ডপের কিছুটা অংশ খোলার কাজ শুরু হয়েছে।‌ যেহেতু বিষয়টি কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের আওতাধীন, তাই সবটাই চলছে পুলিশের কড়া নজরদারিতে।

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানান, চোরবাগান পুজো কমিটির পক্ষ থেকে তাঁর কাছে প্রতিমা নিরঞ্জনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা মেনেই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হবে। এর জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই ভাসান প্রক্রিয়া শেষ করতে হবে।

বৃহস্পতিবার এসআইটি-র পক্ষ থেকে জানানো হয়েছে ক্রাইম সিন সম্পূর্ণ অক্ষত এবং সুরক্ষিত রেখেই মায়ের প্রতিমা নিরঞ্জন করতে হবে।

দশমীতে মণ্ডপে কোনও দেবীবরণ হয়নি। তবে শুধুমাত্র ঘট বিসর্জন হয়েছে। পুলিশের অনুমতির পর নির্ধারিত নিয়মে ভাসান পর্ব সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

চোরবাগানের বিপর্যয়ের তদন্তের দায়িত্বে সিট। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এই কমিটি। তাই তাঁদের নির্দেশ মত করতে হবে প্রতিমা বিসর্জন।