সিজিও থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

8

পৃথা দাশগুপ্ত: সুজিত বসুর পর আরও এক মন্ত্রী গ্রেফতার। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরার দিন ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। সিজিও থেকে বেরোতেই ইন্দ্রনীল সেনকে গাড়িতে তুলে নিয়ে লালবাজারের উদ্দেশ্য র‌ওনা দিয়েছে পুলিশ। পুজোর পাসের নামে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আদালত তাঁকে রক্ষাকবচ দেয়নি। সেই মামলায় গ্রেফতার করা হল ইন্দ্রনীল সেনকে।

আজ দুপুরে নির্ধারিত সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান ইন্দ্রনীল সেন। দুপুরে যখন তাঁকে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন বাইরে অপেক্ষা করছিল বিশাল পুলিশ বাহিনী। তিনি সি জিও থেকে বেরোতেই তাঁকে গাড়িতে তুলে নেয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, পুজোর পাসের নামে জালিয়াতির অভিযোগ । ব‌উবাজার থানায় মামলা দায়ের হয় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। আদালতে ছুটলেও পুলিশের কাছে ধরা দিচ্ছিলেন না তিনি। সেই কারণে পুলিশ আজ সি জিও -র বাইরে অপেক্ষা করছিল।

পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, তদন্তে অসহযোগিতার জন্য গ্রেফতার করা হয়েছে তাঁকে। যদিও গ্রেফতারির বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পুলিশ।

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে পুজোর পাসে দুর্নীতি সংক্রান্ত মূল অভিযোগটি দায়ের করা হয়েছিল কলকাতা পুলিশের কাছে। বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়। পরে ইডি-ও তদন্ত শুরু করে।