অনুমান করুন ক’টা আসন জিতেছে কংগ্রেস, কটাক্ষ প্রধানমন্ত্রীর

26

নিউজ ডেস্ক: দেশের চার রাজ্যে ২৮টি বিধান পরিষদ আসনে একটিতেও জিততে পারেনি কংগ্রেস। সেনিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে মোদী লিখেছেন, ৪টি বড় রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকে ২৮টি বিধান পরিষদ আসনে ব্যালট পেপারে ভোট হয়েছে। এরপরই কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, অনুমান করুন কংগ্রেস কয়টি আসনে জয়ী হয়েছে।
চার রাজ্যে ২৮টি বিধান পরিষদ আসনের নির্বাচনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল ১২টিতে। এর মধ্যে চারটি আসনে এর আগে জয়ী হয়েছিল কংগ্রেস। এবার একটিতেও জিততে পারেনি। কর্ণাটকে কংগ্রেস সরকার থাকার পরও সেখানে চারটি আসনেই জয়ী হয়েছে বিজেপি।
বিরোধীদের মধ্যে উত্তরপ্রদেশে ভালো ফল করেছে সমাজবাদী পার্টি। বারাণসীতে মোদী গড়ে ধাক্কা খেয়েছে বিজেপি। এই আসন নিজেদের দখলে রাখল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ১১ আসনে দুই দলের মধ্যে জোর টক্কর হয়েছে। ৬টি আসনে জিতেছে বিজেপি। পাঁচটিতে জিতেছে সমাজবাদী পার্টি। বারাণসীতে শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জিতেছে এসপি। এ ছাড়া আগরা শিক্ষক, ঝাঁসি স্নাতক আসনও নিজেদের দখলে রেখেছে এসপি। এ ছাড়া বারাণসী স্নাতক এবং লখনউ স্নাতক— এই দুই আসন দখল করেছে অখিলেশ যাদবের দল। অন্য দিকে, বিজেপির ছয় জয়ী আসনের মধ্যে রয়েছে, মেরঠ শিক্ষক, মেরঠ স্নাতক, বরেলি শিক্ষক, লখনউ শিক্ষক, আগরা স্নাতক এবং গোরক্ষপুর শিক্ষক আসন।
এর মধ্যে আগরার শিক্ষক আসন বিজেপির দখলে ছিল। এ বার সেখানে জয়ী হয়েছে অখিলেশের দল।