পৃথা দাশগুপ্ত কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলা আজও সিদ্ধান্ত হল না শীর্ষ আদালতে। তবে এই মামলা কলকাতা হাই কোর্টে পাঠানোর প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, যত দিন পর্যন্ত ডিভিশন বেঞ্চে এই মামলার অবস্থান স্পষ্ট হচ্ছে, ততদিন পুরভোট নয়। আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। রাজ্য সরকার কী ভাবছে, সেই বিষয়ে ওইদিন শোনা হবে ।
সোমবারের পর আজ কোর্টে ছিল কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাস মামলার শুনানি। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।’ এই মামলা ফের কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাতে চায় সুপ্রিম কোর্ট।
আজ শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা চাই এই মামলা ডিভিশন বেঞ্চে ফেরত পাঠাতে। ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে না দেখে রায় দিয়েছে। আমরা ডিভিশন বেঞ্চের অর্ডার আপাতভাবে খারিজ করতে চাই। সব দিক খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ নতুন অর্ডার দিক এটা আমাদের প্রস্তাব। ”
বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, “আমার বক্তব্য শোনা হোক। মামলার সোমবার পর্যন্ত স্থগিত রাখা হোক।”
পাশাপাশি এই প্রস্তাবের সমর্থন করেন মমতা তৃণমূল কংগ্রেসের আইনজীবী অভিষেক মনু সিঙভি এবং সিপিএমের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, “আমরা চাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।”
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরাও চাইছি। হাইকোর্টে শুনানি হোক। দেখুন যতক্ষণ না শুনানি হচ্ছে নির্বাচন হবে না।”
সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল, যে পুরবোর্ডের কোনও অস্তিত্বই নেই, পুর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্ববিন্যাসের সুপারিশ করতে পারে?
সলিসিটর জেনারেল তুষার মেহতা সোমবারও এর কোন উত্তর দিতে পারেনি বলে মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আজও একই চিত্র । মামলা ফের স্থগিতের আবেদন জানান সলিসিটর জেনারেল। তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মামলা ফের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর পর্যবেক্ষণ রাখে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য কলকাতা পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ কীভাবে করা হল, সেই প্রশ্ন তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। তবে এই মামলায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি। যার ফলে পুরভোট নির্বাচনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন মামলাকারী। এরপর গত ৬ নভেম্বর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ভোটে নির্ঘণ্টর ওপর স্থগিতাদেশ দেয়।