আরও বিপাকে অভিষেক, বিধানসভা সই জালকাণ্ডে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ হাইকোর্টের

38

পৃথা দাশগুপ্ত, কলকাতা : বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি-র নোটিস মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে আরও বিপাকে অভিষেক। আপাতত কোনও রক্ষাকবচ রইল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।‌ এদিন বিধানসভায় সই বিতর্ক কাণ্ডে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন আদালতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা ভ্যাকেশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন। কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি। বিচারপতি ১০ জুন শুনানির নির্দেশ দিয়েছিলেন। তাই এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূল পার্টি অফিসে সিআইডি তল্লাশি চালায় বলেও হাইকোর্টকে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের অভিযোগ প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
কিন্তু বিচারপতি কৌশিক চন্দ জানান আগামীকাল মামলার শুনানির চেষ্টা করবেন। বিচারপতি জানান সরকার পক্ষের আইনজীবীরা বেশিরভাগ আজ এই মামলায় থাকছেন না। তাই আজ শুনানি সম্ভব নয়। এই পরিস্থিতিতে আগে রাজ্যকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।