পৃথা দাশগুপ্ত,কলকাতা : ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হল অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। কিছুদিন আগেই চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন । এ বার চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সিনেমা তৈরির নাম করে টাকা নিয়ে কাজ করেননি বলে অভিযোগ। অভিনেতার বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। আজ কলকাতার চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৯ মে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানাতেও একই ধরনের অভিযোগ দায়ের করেন বালুরঘাটের বাসিন্দা। অভিযোগকারী পেশায় একজন ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়েছে, একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব দিয়ে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন সোহম চক্রবর্তী। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এবং বিনিয়োগ করা টাকাও ফেরত দেওয়া হয়নি। দিনের পর দিন সেই টাকা চাইলেও ফেরত পাওয়া যায়নি। বরং পুরো অর্থই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে । সোহম চক্রবর্তীর কাছ থেকে কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।এরপরে সোহম চক্রবর্তী কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে সকলের।