নিটের নম্বর কারচুপি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

24

পৃথা দাশগুপ্ত,কলকাতা: নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল দেশ। এই আবহে এবার নিট পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

এক পরীক্ষার্থীর প্রায় ৩৭০ নম্বর গোলযোগের অভিযোগ । অভিযোগ ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। মামলাকারীর দাবি, নিট পরীক্ষার অ্যানসার কি- র সঙ্গে ওএমআর এর কোনো মিল নেই। নিট পরীক্ষায় তাঁর ৬৫৯-৬৬১ নম্বর পাওয়ার কথা। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি -র ফল প্রকাশের পর দেখা যায় নিট-ইউজি পরীক্ষায় তিনি মাত্র ২৮৯ নম্বর পেয়েছেন।

নিটের আয়োজক সংস্থা এনটিএ -র কাছে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও, কোনও লাভ হয়নি বলে দাবি মামলাকারীর। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই পরীক্ষার্থী। পুনরায় ওএমআর যাচাইয়ের আবেদন করেন ওই পরীক্ষার্থী।

এই মামলা গ্রহণ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চেয়েছে কলকাতা হাইকোর্ট।

বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি । ওই দিন পরীক্ষক সংস্থাকে জানাতে হবে, কেন নম্বরে এমন বিস্তর গোলযোগ হল।

বিচারপতি অমৃতা সিনহা বলেন, “কাউন্সেলিং চলছে। তাই আদালত চাইছে দ্রুত নিজেদের বক্তব্য জানাক এনটিএ”