তামারহাটে পাথর বোঝাই ট্র্যাক্টর থেকে চালান ছাড়াই কর সংগ্রহের অভিযোগ

29

আব্দুল অহাব, তামারহাটঃ ধুবড়ির তামারহাটে বালি, পাথর বোঝাই ট্র্যাক্টর এবং ডাম্পারের থেকে চালান ছাড়াই কর সংগ্রহের অভিযোগ উঠেছে। গত মাস দুয়েক ধরে কোনও ধরনের কাগজ পত্র ছাড়াই গাড়ির চালকদের কাছ থেকে কর সংগ্রহের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কাঠালতলি এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার তামারহাটের কুমারগঞ্জ, কাঠালতলি এলাকায় প্রতিবাদে সরব হয় বিক্ষুব্ধ ট্র্যাক্টর এবং ডাম্পার চালকরা। কর সংগ্রহ করার কাউন্টারের ঝাপ বন্ধ করে দিলেন বিক্ষুব্ধ গাড়ির মালিকরা।


এলাকায় স্থানীয় ব্যক্তি ধনেশ্বর রাভা এবং সানোয়ারের নেতৃত্বে ট্র্যাক্টর এবং ডাম্পার চালকদের কাছ থেকে রশিদ ছাড়াই কর সংগ্রহের অভিযোগ। ‘ধনেশ্বর রাভা গো ব্যাক’, ‘গুণ্ডারাজ চলবে না’, ‘বন বিভাগ মুর্দাবাদ’ স্লোগানে সরব হলেন বিক্ষুব্ধরা। পাথর বালি বহন করা গাড়ির চালক এবং শ্রমিকদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা কাঠালতলি এলাকার পরিবেশ।

চালানের পরিবর্তে সাদা কাগজে লিখে বালি ভর্তি প্রত্যেকটি ট্র্যাক্টর থেকে চারশ টাকা এবং পাথর বোঝাই ডাম্পার থেকে ১২০০ টাকা করে সংগ্রহের অভিযোগ উঠেছে। অন্যদিকে, বাগডোকরা এলাকায় প্রত্যেকটি নৌকা থেকে ৩০০ টাকা করে কর সংগ্রহের অভিযোগ উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা এবং ধুবড়ির ডিএফও-র দৃষ্টি আকর্ষণ করতে চাইছে ট্র্যাক্টর এবং ডাম্পার মালিক সংস্থা।