পৃথা দাশগুপ্ত,কলকাতা : সই জালকাণ্ডে সিআইডি হাজিরার পর এবার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিজিও কমপ্লেক্সে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকাল ১১ টা থকে ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূল সাংসদ।
বাংলায় সরকার রদ বদলের পর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি চার্জশিটে উল্লেখ আছে লিপস এন্ড বাউন্ডসের নামও। সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। একটি অডিও রেকর্ডিংয়ে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে নাম উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম। সেখানে কীভাবে অবৈধ চাকরিপ্রার্থীদের কত টাকার বিনিময়ে চাকরি দেওয়া হবে সেসব নিয়ে আলোচনা করা হয়েছে। সবটাই অডিও ক্লিপে আছে। সেই অডিও ক্লিপ ও তদন্তকারীদের হাতে। তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার যে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে, সেই বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল, তার ওপর ভিত্তি করেই এই অর্থ তছরুপের মামলার তদন্ত চালাচ্ছে ইডি। মূলত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে নিয়ম লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার বেনিয়মের তদন্ত চালানো হচ্ছে। ইডি ইতিমধ্যেই বিপুল পরিমাণ অপরাধের মাধ্যমে উপার্জিত অর্থ বাজেয়াপ্ত করেছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
২০২৫ সালের অগাস্টে জমা দেওয়া ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথ সিনহাকে অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়। ইডির দাবি, দুর্নীতির লভ্যাংশ ব্যবহার করে প্রভাবশালীদের কাছে পাঠানো হয়। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে সেই টাকা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা এবং ৫ কোটি টাকার সোনা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের গণ্ডি পেরিয়ে এই তদন্ত চলছে এসএসসি সহকারি শিক্ষক নিয়োগ এবং গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের কেলেঙ্কারি পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইডি সূত্রে খবর, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেই এখনও পর্যন্ত প্রায় ১৫৪.৯১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত।এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা আজ।