অরূপ বিশ্বাসকে তলব বিধাননগর দক্ষিণ থানার, আজই হাজিরা দেওয়ার নির্দেশ

4

পৃথা দাশগুপ্ত, কলকাতা: এবার আর কোনও অজুহাত নয়।‌ রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মেসি-কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য সপ্তাহ দুয়েক সময় চাইলেও সেই সময়সীমা দিতে নারাজ পুলিশ। আজ‌ই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন মেসির ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮ (২), ৩১৮(৪), ৩৫১(২), ৬১(২) ধারা মানে টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ আনা হয়েছে।‌ তাঁর অভিযোগ, ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছিলেন প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি শতদ্রু দত্তর অভিযোগ, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন তিনি এবং তাঁর ঘনিষ্ঠরা।

সেই অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই তিনি আগাম জামিনের আবেদন জানান বারাসাত আদালতে। সেই আবেদন খারিজ করা হয়। এরপর প্রাক্তন মন্ত্রী দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। সেখানেও আগাম জামিনের আবেদন জানান তিনি। মঙ্গলবার সেই শুনানির সম্ভাবনা।

শারীরিক অসুস্থতার কথা জানিয়ে প্রথম হাজিরা এড়ান তিনি। দু’সপ্তাহ সময় চেয়ে নেন তদন্তকারী আধিকারিকদের থেকে। কিন্তু অরূপ বিশ্বাসকে সেই সময়টা দিতে নারাজ পুলিশ। দু’দিনের মাথায় আবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নোটিস পাঠিয়ে আজ সকাল ১১টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে।